অর্থ আত্মসাতের অভিযোগে প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থ আত্মসাৎ, কর্তব্যে অবহেলাসহ বিভিন্ন অভিযোগে কিশোরগঞ্জ জেলা শহরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আজিম উদ্দিন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মুসলেহ উদ্দিন আহমেদ লাল মিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত শনিবার বিদ্যালয় পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সভায় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র করকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।যোগাযোগ করা হলে প্রধান শিক্ষক মুসলেহ উদ্দিন দাবি করেন, তাঁর বিরুদ্ধে আনীত কোনো অভিযোগই সত্য নয়।জানা গেছে, মুসলেহ উদ্দিন আহমেদ চার বছর ধরে এমপিওভুক্ত না হয়েই প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। দায়িত্ব পালনকালে তাঁর বিরুদ্ধে প্রায় দুই লাখ ২২ হাজার টাকা আত্মসাৎ করাসহ বিভিন্ন দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়। এর আগে বিদ্যালয়ের ২৫ জন শিক্ষক-কর্মচারী তাঁকে অপসারণের দাবিও উত্থাপন করেন।