অর্থ আত্মসাতের অভিযোগে সান্তাহার-লালমনিরহাট রেলরুটের গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া রেলস্টেশনের বুকিং সহকারী রায়হান কবিরকে গত রোববার সাময়িক বরখাস্ত করা হয়েছে। বাংলাদেশ রেলওয়ে রাজশাহী পশ্চিমাঞ্চলের সহকারী মুখ্য বাণিজ্যিক ব্যবস্থাপক হাসিনা খাতুনের স্বাক্ষর করা এক চিঠিতে এ আদেশ দেওয়া হয়।
বোনারপাড়া রেলস্টেশন সূত্র জানায়, রায়হান কবিরের বিরুদ্ধে ২০১৬-১৭ অর্থবছরে টিকিট বিক্রির মোট ২ লাখ ১৯ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। সম্প্রতি অভিযোগ তদন্তে রেলওয়ের লালমনিরহাট বিভাগের ট্রাফিক সুপারিনটেনডেন্ট আবদুল্লা-আল-মামুন দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। কমিটির তদন্তে আন্তনগর রংপুর ও লালমনি এক্সপ্রেস ট্রেনের ৫৫০টি টিকিটের মূল্য বাবদ ২ লাখ ১৯ হাজার টাকা আত্মসাতের প্রমাণ পাওয়া যায়। এ বিষয়ে তদন্ত কমিটি রায়হান কবিরের কাছে লিখিত জবাব চাইলে তিনি তা দেননি। পরে গত রোববার তদন্ত কর্মকর্তারা তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে রেলওয়ে রাজশাহী পশ্চিমাঞ্চলের সহকারী মুখ্য বাণিজ্যিক ব্যবস্থাপকের কাছে প্রতিবেদন দাখিল করেন। পরে ওই দিনই রায়হান কবিরকে সাময়িক বরখাস্ত করা হয়। রেলওয়ের লালমনিরহাট বিভাগের ট্রাফিক সুপারিনটেনডেন্ট আবদুল্লাহ আল মামুন মুঠোফোনে বরখাস্ত করার তথ্য নিশ্চিত করেছেন।
গতকাল সোমবার এ বিষয়ে কথা বলতে রায়হান কবিরের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।