অর্থ আত্মসাতের অভিযোগে শেরপুরে ছয়জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরে চাকরি দেওয়ার নামে অর্থ সংগ্রহ ও আত্মসাতের অভিযোগে সদর থানার পুলিশ একটি বেসরকারি প্রতিষ্ঠানের ছয়জন কর্মকর্তা-কর্মচারীকে গতকাল সোমবার দুপুরে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন শেরপুর জেলা শহরের মাধবপুর মহল্লায় অবস্থিত ফয়জুল কোরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান ফয়জুর রহমান ও প্রতিষ্ঠানটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী—শেরপুর সদর উপজেলার ঝাউয়ের চর গ্রামের সরোয়ার আলম, নন্দীর বাজার গ্রামের রমজান আলী, চাপাতলী মহল্লার বিল্লাল হোসেন, নকলা উপজেলার কয়রাকুড়ি কান্দাপাড়া গ্রামের শিহাব উদ্দিন ও জামালপুর সদর উপজেলার টিক্কাকান্দি গ্রামের তারিকুল ইসলাম। শেরপুর সদর থানা সূত্রে জানা গেছে, উপানুষ্ঠানিক শিক্ষাকেন্দ্রের মাধ্যমে বিভিন্ন মক্তবে শিশুদের কোরআন-হাদিস শিক্ষা এবং নিরক্ষর বয়স্কদের অক্ষরজ্ঞান দেওয়ার কথা বলে ২০০৯ সালের ডিসেম্বরে শেরপুর জেলা শহরের মাধবপুর মহল্লায় একটি ভাড়াবাড়িতে ফয়জুল কোরআন ফাউন্ডেশন নামে এই প্রতিষ্ঠানটি চালু করা হয়। এ প্রতিষ্ঠানের চেয়ারম্যান ফয়জুর রহমান ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা চাকরি দেওয়ার কথা বলে জেলার বিভিন্ন এলাকার প্রায় অর্ধশত নারী ও পুরুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করছেন। সম্প্রতি তাঁদের বিরুদ্ধে অর্থ আত্মসাতেরও ওঠে। থানা হেফাজতে ফয়জুর রহমান বলেন, তিনি চাকরি দেওয়ার নামে কারও কাছ থেকে জামানত হিসেবে টাকা নেননি। তবে প্রতিষ্ঠানের জন্য বিভিন্ন লোকের কাছ থেকে ফেরতযোগ্য অনুদান নিয়েছেন। শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সাহা গতকাল রাতে প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে অর্থ সংগ্রহ ও আত্মসাতের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ ব্যাপারে গ্রেপ্তার ছয়জন ও অজ্ঞাতনামা ১০-১২ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।