অর্থ আত্মসাতের অভিযোগে সরকারি কর্মচারীর কারাদণ্ড
পাবনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা সরকারি অর্থ আত্মসাতের একটি মামলায় আকতার হোসেন (৫০) নামের এক সরকারি কর্মচারীকে ১২ বছরের কারাদণ্ড ও আট হাজার টাকা জরিমানা ও আরও চার মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার পাবনার বিশেষ জজ আদালতের বিচারক মো. লিয়াকত আলী মোল্লা এই আদেশ দেন।
দুদক পাবনা কার্যালয় সূত্রে জানা যায়, আকতার সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে অফিস সহকারী পদে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার বরংগাখেলা গ্রামে। তিনি ২০০০ সালের ২৪ জুলাই থেকে ২০১৬ সালের ২০ অক্টোবর পর্যন্ত কর্মরত ছিলেন। সেখানে তিনি প্রতারণার আশ্রয় নিয়ে ও ক্ষমতার অপব্যবহার করে গৃহনির্মাণ মঞ্জুরি বাবদ ইউএনওর কাছ থেকে ৭টি চেকের মাধ্যমে ১ লাখ ৯৫ হাজার ৫০০ টাকা উত্তোলন করেন। এর মধ্যে ৩টি চেকে কৌশলে স্বাক্ষর করিয়ে নেন এবং ৪টি চেক ইউএনও ও সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের স্বাক্ষর নিজে জাল করে ১ লাখ ৩০ হাজার টাকা আত্মসাৎ করেন।
আদালত সূত্রে জানা যায়, ঘটনায় ২০০২ সালের ১১ নভেম্বর দুদকের সাবেক পরিদর্শক (বর্তমানে প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক) দেওয়ান সফিউদ্দিন আকতারকে আসামি করে থানায় মামলা করেন। মামলাটি তদন্তের ভার দেওয়া হয় সহকারী পরিচালক রিজিয়া খাতুনকে। তিনি তদন্ত শেষে ২০১১ সালের ২৯ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন।