অর্থ আত্মসাতের অভিযোগে সাত কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুয়া রসিদ জমা দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের একজন প্রকল্প পরিচালক ও দুজন নির্বাহী প্রকৌশলীসহ সাত কর্মকর্তার বিরুদ্ধে তিনটি পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কমিশনের খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলাম গতকাল বৃহস্পতিবার বিকেলে খুলনার খালিশপুর থানায় মামলাগুলো দায়ের করেন।এজাহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইসলামী উন্নয়ন ব্যাংকের অর্থায়নে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের খুলনা ভান্ডার সার্কেলের ভান্ডার ভবনের শাটার মেরামত এবং স্টেশনারি সামগ্রী ক্রয়ের নামে ভুয়া রসিদ দেখিয়ে অর্থ আত্মসাত, একই দাতা সংস্থার অর্থায়নে প্রায় সাড়ে তিন হাজার নলকূপ লবণমুক্ত রাখতে গ্রিজিং ও ওয়েলিং কাজ না করে অর্থ আত্মসাৎ এবং খুলনা ভান্ডার সার্কেলের ব্যবহূত ছয়টি গাড়ি মেরামত না করেই ভুয়া রসিদ দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে মামলাগুলো দায়ের করা হয়।জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর খুলনা ভান্ডার সার্কেলের সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবদুর রহমান মিঞা, সাবেক নির্বাহী প্রকৌশলী আবদুল ওহাব শিকদার ও উপবিভাগীয় প্রকৌশলী শাহ আলমকে তিন মামলাতেই আসামি করা হয়েছে। আবদুর রহমান ও আবদুল ওহাব ২০০৮ সালে অবসরে যান। শাহ আলম বর্তমানে ঝালকাঠিতে নির্বাহী প্রকৌশলী হিসেবে কর্মরত রয়েছেন। এ ছাড়া প্রথম মামলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান কার্যালয়ের আইডিবি প্রকল্পের সাবেক প্রকল্প পরিচালক প্রকৌশলী আবুল কালাম এবং খুলনা ভান্ডার সার্কেলের সাবেক স্টিমেটর মো. গোলাম মোস্তফাকে আসামি করা হয়েছে। তাঁরা দুজনই ২০০৯ সালে অবসরে যান।দ্বিতীয় মামলায় খুলনা ভান্ডার সার্কেলের বর্তমান ভান্ডাররক্ষক মো. আবদুল্লাহ এবং তৃতীয় মামলায় খুলনা ভান্ডার সার্কেলের বর্তমান উপসহকারী প্রকৌশলী রতন কুমার সমাদ্দারকে আসামি করা হয়েছে।দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা খুঁজে পাওয়ায় ওই কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা তিনটি দায়ের করা হয়েছে।