অর্থ আত্মসাতের অভিযোগে সোনালী ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৬২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দিনাজপুরের বিরামপুর উপজেলায় সোনালী ব্যাংকের কর্মকর্তা রজিব উদ্দিনের বিরুদ্ধে মামলা হয়েছে। বিরামপুর থানায় গত সোমবার রাতে এ মামলা হয় বলে ব্যাংক কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। মামলার এজাহারে বলা হয়, সোনালী ব্যাংক বিরামপুর শাখার কর্মকর্তা রজিব উদ্দিন বিভিন্ন সময়ে গ্রাহকের ঋণ পরিশোধের ৬২ লাখ ৪৩ হাজার ২৬৫ টাকা আত্মসাৎ করেন বলে প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়েছে। মামলার বাদী সোনালী ব্যাংক দিনাজপুুর শাখার উপমহাব্যবস্থাপক মো. হুমায়ুন কবীর গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, রজিব উদ্দিন বর্তমানে আত্মগোপনে রয়েছেন। অভিযোগের ব্যাপারে ব্যাংকের প্রধান কার্যালয় এবং দিনাজপুরের উপমহাব্যবস্থাপকের কার্যালয় থেকে দুটি তদন্ত দল সরেজমিনে কাজ করছে। একই অভিযোগে বিরামপুর শাখার ব্যবস্থাপক মেহেরুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। অর্থ আত্মসাতের ঘটনায় তাঁর সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। রজিব উদ্দিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, তিনি দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা। ব্যবস্থাপকের নির্দেশ অনুযায়ী কাজ করেন। অর্থ আত্মসাৎ হয়ে থাকলে তিনি একা নন, ব্যবস্থাপক মেহেরুল ইসলাম আগে দায়ী হবেন।তবে শাখা ব্যবস্থাপক মেহেরুল ইসলাম অভিযোগ অস্বীকার করে অর্থ আত্মসাতের জন্য রজিব উদ্দিনকেই দায়ী করেছেন।