রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল ফোন অপারেটর টেলিটকের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) খন্দকার আসাদুজ্জামান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তিনি জবানবন্দি দেন।ঢাকার মহানগর হাকিম মো. মনিরুজ্জামান গতকাল তাঁর খাসকামরায় ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আসাদুজ্জামানের জবানবন্দি লিপিবদ্ধ করেন। পরে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।আদালত সূত্র জানায়, গতকাল আসাদুজ্জামানকে পৃথক আরেকটি মামলায় রিমান্ডে নেওয়া হয়েছে। অবৈধ ভিওআইপি ব্যবসা এবং দুর্নীতির অভিযোগে তাঁর বিরুদ্ধে ছয়টি মামলা করে দুদক। এর মধ্যে গত ১৪ ডিসেম্বর দুটি মামলায় আট দিন করে মোট ১৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। জাল-জালিয়াতির মাধ্যমে ২৪ কোটি ৩৯ লাখ ৫৩ হাজার টাকা আত্মসাৎ এবং ২৩ কোটি ৬৯ লাখ ৬০ হাজার টাকা দুর্নীতির অভিযোগে দুদক এ দুটি মামলা করে।দুদকের সংশ্লিষ্ট সাধারণ নিবন্ধন শাখা সূত্র জানায়, গতকাল আসাদুজ্জামান তাঁর জবানবন্দিতে অর্থ আত্মসাতের কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তা গোপন রাখা হয়েছে। ১৩ ডিসেম্বর বিকেলে রাজধানীর গুলশানে অবস্থিত টেলিটকের প্ল্যানিং বিভাগের কার্যালয় থেকে বিকেলে আসামিকে গ্রেপ্তার করে দুদক।প্রসঙ্গত, বিটিসিএলের বিভাগীয় প্রকৌশলী থাকাকালীন আসাদুজ্জামানের বিরুদ্ধে ভিওআইপি দুর্নীতির অভিযোগ পায় দুর্নীতি দমন কমিশন। আন্তর্জাতিক কল থেকে ২০৮ কোটি ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গত ৫ নভেম্বর তাঁর বিরুদ্ধে রাজধানীর রমনা থানায় মোট ছয়টি মামলা করে দুদক। মামলাগুলো তদন্তাধীন।