লালমনিরহাট সিভিল সার্জনের কার্যালয়ে যন্ত্রপাতি ও তৈজসপত্র ক্রয়ের ক্ষেত্রে তিন কোটি ৪৫ লাখ ২০ হাজার ৩২৪ টাকা আত্মসাতের ঘটনায় মন্ত্রণালয়ের তদন্ত গত মঙ্গলবার শুরু হয়েছে। সংসদীয় কমিটির সুপারিশ অনুযায়ী স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রালয়ের তদন্ত দল মঙ্গলবার দিনব্যাপী তদন্ত কার্যক্রম চালায়। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব (উন্নয়ন) মাহবুব-উল-আলমের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত দল মঙ্গলবার লালমনিরহাট সিভিল সার্জনের কার্যালয়ে ওই ঘটনায় করা মামলার এজাহারভুক্ত আট আসামির লিখিত বক্তব্য নেয়। তদন্ত দলের অপর দুই সদস্য ওই মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব (কার্যক্রম শাখা) এ এইচ এম সফিকুজ্জামান ও লালমনিরহাটের বর্তমান সিভিল সার্জন মো. জাহাঙ্গীর আলম সরকার।১৯৯৬-৯৭ অর্থবছরে লালমনিরহাট সিভিল সার্জনের কার্যালয়ের আওতায় যন্ত্রপাতি ও তৈজসপত্র ক্রয়ের দরপত্রে দ্রব্যসামগ্রীর দাম প্রকৃত দামের চেয়ে কয়েক গুণ বেশি দেখিয়ে তিন কোটি ৪৫ লাখ ২০ হাজার ৩২৪ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ ওঠে। তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো তদন্ত করে অভিযোগের সত্যতা পায়। ২০০০ সালের ১৫ জুলাই লালমনিরহাট সদর থানায় ওই ব্যুরোর পরিদর্শক মো. সামছুল আলম বাদী হয়ে ১৪ জনের বিরুদ্ধে মামলা করেন।