অর্থ আত্মসাতের দায়ে ডাকঘর কর্মচারীর দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি অর্থ আত্মসাতের মামলায় ডাকঘরের এক কর্মচারীকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক আতাউর রহমান এ রায় দেন।
দণ্ডাদেশ পাওয়া ব্যক্তির নাম নোটন কান্তি দে। তিনি নগরের জেনারেল পোস্ট অফিসের (জিপিও) যানবাহন কর শাখার অপারেটর। তিনি পলাতক রয়েছেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মাহমুদুল হক জানান, ১৯৯১-৯৪ সাল পর্যন্ত জিপিওতে যানবাহন কর শাখায় অপারেটর হিসেবে কর্মরত থাকাকালে ২ লাখ ১৯ হাজার ১০২ টাকা জমা না দিয়ে তা আত্মসাৎ করেন নোটন। এ ঘটনায় তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো চট্টগ্রামের পরিদর্শক জাহাঙ্গীর আলম কোতোয়ালি থানায় মামলা করেন। ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দিলেন।
রায়ে নোটনকে ৪০৯ ধারায় তিন বছরের কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড এবং ৪২০ ধারায় তিন বছরের কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। তবে দুটি সাজা একসঙ্গে চলবে।