অর্থ আত্মসাতের দায়ে আটজনের যাবজ্জীবন
জালিয়াতির মাধ্যমে রূপালী ব্যাংকের একটি শাখা থেকে অন্য শাখায় ভুয়া টিটিএমটি করে অর্থ আত্মসাৎ করার দায়ে ব্যাংকের পাঁচজন কর্মকর্তা-কর্মচারীসহ আটজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও দেড় লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে পাবনার বিশেষ জজ আদালতের বিচারক অমূল্য কুমার সরকার এই রায় দেন। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন রূপালী ব্যাংকের রাজবাড়ী শাখার ব্যবস্থাপক কাজী নজরুল ইসলাম, একই শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা গোফরান মিয়া ও লিয়াকত আলী, এমএলএসএস শহিদুল ইসলাম ও মেরাজ উদ্দিন, গ্রাহক আবদুর রহমান, একই ব্যাংকের নারায়ণগঞ্জ শাখার গ্রাহক জ্যোতিলাল সাহা এবং পাবনার বেড়া উপজেলা শাখার গ্রাহক আবদুস সামাদ।দুর্নীতি দমন কমিশন পাবনা শাখার উপপরিদর্শক শহীদুর রহমান জানান, ১৯৯৯ সালে ওই ব্যাংকের রাজবাড়ী শাখার গ্রাহক আবদুর রহমান বেশ কিছু ভুয়া হিসাব খোলেন। এসব হিসাব থেকে তিনি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের জোগসাজশে ভুয়া টিটিএমটির মাধ্যমে পাবনার বেড়া উপজেলা শাখা থেকে সাত লাখ ২৫ হাজার টাকা আত্মসাৎ করেন। ঘটনাটি জানাজানি হলে ১৯৯৯ সালের শেষের দিকে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের উপপরিচালক আবদুল্লাহ আল জাহীদ বাদী হয়ে বেড়া থানায় মামলা করেন।