অর্থ আত্মসাতের দায়ে এলজিইডি কর্মকর্তার কারাদণ্ড
অর্থ আত্মসাৎ, কর্তব্যে অবহেলা, ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতির অভিযোগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কুমিল্লার সাবেক নির্বাহী প্রকৌশলী মো. হারুন-উর-রশিদকে ভিন্ন ভিন্ন ধারায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে এ মামলার আরেক আসামি মারা যাওয়ায় তাঁর ব্যাংক হিসাবে থাকা ১০ লাখ টাকা বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে আদালত নির্দেশ দেন।
রায় ঘোষণার সময় আসামির কাঠগড়ায় উপস্থিত ছিলেন হারুন। পরে তাঁকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়।
আজ বুধবার সকাল ১০টায় কুমিল্লার স্পেশাল বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশন কুমিল্লার সমন্বিত কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদ প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ২০০১ সালের ১ ডিসেম্বর ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড কুমিল্লা শাখায় এলজিইডির স্পেশাল ডিপোজিট নামের একটি হিসাব খোলা হয় (ওই হিসাবে ঠিকাদারদের কাছ থেকে নেওয়া পরীক্ষাগারের সরকারি ফি জমা রাখা হয়)। ২০১০ সালের ২২ সেপ্টেম্বর থেকে ২০১২ সালের ১৭ সেপ্টেম্বর পর্যন্ত মো. হারুন-উর-রশিদ এলজিইডি কুমিল্লার নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে ছিলেন। তখন তিনি ওই দপ্তরের ৩৮ লাখ ৯৪ হাজার ৭৩৫ টাকা সরকারি খাতে জমা না দিয়ে নিজেই আত্মসাৎ করেন।
পরে ২০১৩ সালের ২২ আগস্ট দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রধান কার্যালয়, ঢাকার উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে এ ঘটনায় একটি মামলা করেন। মামলায় সাবেক নির্বাহী প্রকৌশলী বরিশাল জেলার মুলাদী উপজেলার চরডিগ্রি গ্রামের মো. হারুন-উর-রশিদ ও মাদারীপুর জেলার শিবচর উপজেলার গুয়াতলা গ্রামের কুমিল্লার এলজিইডির সাবেক ল্যাবরেটরি টেকনিশিয়ান মো. মাজহারুল আলমকে আসামি করা হয়। পরবর্তী সময়ে দুদকের উপসহকারী পরিচালক সিলভিয়া ফেরদৌস মামলার তদন্ত করেন। ২০১৪ সালের ১০ মে আদালতে ওই দুই ব্যক্তির নামে অভিযোগপত্র দেওয়া হয়। ২০১৫ সালের ১৯ আগস্ট মামলাটির বিচারকাজ শুরু হয়। দীর্ঘ সময়ে রাষ্ট্রপক্ষ ১৪ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়।
আজ সকালে যুক্তিতর্ক ও শুনানি শেষে কুমিল্লার এলজিইডির সাবেক নির্বাহী প্রকৌশলী মো. হারুন-উর-রশিদকে দণ্ডবিধির ৪০৯/১০৯ ধারা বিধানমতে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা, অনাদায়ের আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন। অপর আসামি মো. মাজহারুল আলম মারা যাওয়ায় তাঁর বেসিক ব্যাংক লিমিটেড কুমিল্লা শাখায় জমা থাকা ১০ লাখ টাকা সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করার আদেশ দেওয়া হয়।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন কুমিল্লার বিশেষ জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মো. আসফিকুর রহমান এবং আসামিপক্ষে আইনজীবী ছিলেন মো. আবদুল আলীম।
আবদুল আলীম বলেন, ‘আসামিপক্ষের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।’ তবে রায়ের ব্যাপারে সাবেক নির্বাহী প্রকৌশলী মো. হারুন-উর-রশিদ আদালত প্রাঙ্গণে কোনো মন্তব্য করেননি।
দুর্নীতি দমন কমিশন কুমিল্লার সমন্বিত কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, রায় ঘোষণার সময় হারুন-উর-রশিদ আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। কুমিল্লা থেকে বদলি হওয়ার পর তিনি এলজিইডির প্রধান কার্যালয়ে একই পদে কর্মরত ছিলেন।