অর্থ আত্মসাতের দায়ে কারাদণ্ড
সরকারি অর্থ আত্মসাতের দায়ে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর সাব ডাকঘরের অপারেটর তাহেরুল ইসলামকে সাত বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১৫ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও সাড়ে তিন বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে ফরিদপুরের অতিরিক্ত বিশেষ দায়রা জজ মো. শফিকুর রহমান এ আদেশ দেন।জেলা দুর্নীতি দমন কমিশনের বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) মজিবর রহমান জানান, ওই ডাকঘরে আমানতকারীদের ১০ লাখ ৯২ হাজার ৩০০ টাকা আত্মসাতের ঘটনা ঘটলে ফরিদপুর ডাক বিভাগের পরিদর্শক (প্রশাসন) মতিয়ার রহমান বাদী হয়ে ২০০৭ সালের ১৪ জুন ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা করেন। ফরিদপুর দুদকের তৎকালীন উপপরিচালক মো. ফানাফিল্লাহ মামলাটির তদন্ত করেন। তদন্তে ডাকঘরের পোস্টমাস্টার সিরাজ মিয়া ও অপারেটর তাহেরুল ইসলাম ঘটনার সঙ্গে জড়িত বলে প্রমাণ পায় দুদক। তবে গতকালের রায়ে অভিযোগ প্রমাণিত না হওয়ায় সিরাজ মিয়াকে বেকসুর খালাস দেওয়া হয়।