অর্থ আত্মসাতের অভিযোগে দিনাজপুর ডায়াবেটিক ও স্বাস্থ্যসেবা হাসপাতালের নির্বাহী পরিচালক চৌধুরী মোসাদ্দেকুল ইজদানীকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি। গত ২৮ আগস্ট সকালে ঢাকায় ডেকে নিয়ে তাঁকে অব্যাহতি দেওয়া হয়। দিনাজপুর পৌরসভার মেয়র সফিকুল হককে নির্বাহী পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে।দিনাজপুর ডায়াবেটিক সমিতি সূত্রে জানা যায়, অ্যাসোসিয়েশন ও এইচসিডিপি প্রকল্পের ২০০৭, ২০০৮ এবং ২০০৯ সালের হিসাব পরীক্ষা করে প্রায় ৩০ লাখ টাকার গরমিল ধরা পড়ে। এর মধ্যে প্রকল্পের ১৭ লাখ ১৮ হাজার এবং দিনাজপুর ডায়াবেটিক সমিতির এক লাখ টাকা রয়েছে। এ ছাড়া সমিতির ২১ লাখ টাকা নির্বাহী পরিচালকের ব্যাংক হিসাবে পাওয়া যায়। প্রকল্প ও সমিতির নিয়ম উপেক্ষা করে ভুয়া ভাউচার ছাড়াও বিপুল পরিমাণ টাকা ব্যাংকে জমা না করে নিজের কাছে রাখেন তিনি। প্রতিদিন গড়ে দিনাজপুর ডায়াবেটিক সমিতির এক লাখ টাকা আয় হলেও দৈনিক ক্যাশ খাতা, রেজিস্টার বা লেজারে সংরক্ষণ করা হয়নি।এ বিষয়ে চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী বলেন, যেহেতু অডিট রিপোর্টে অর্থ আত্মসাতের সত্যতা মিলেছে, তাই তিনি স্বেচ্ছায় নির্বাহী পরিচালকের পদ থেকে ইস্তফা দিয়েছেন।