অর্থ আত্মসাতের দায়ে ব্যাংক কর্মকর্তার দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় দিনাজপুর এবি ব্যাংকের প্রিন্সিপাল অফিসার ও হেড টেলর মোছাম্মৎ হুমায়রা খানমকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন দিনাজপুরের স্পেশাল জজ আদালতের বিচারক মো. রেজাউল করিম সরকার। গত বৃহস্পতিবার বিকেলে তিনি ওই আদেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, হুমায়রা খানম পাঁচ বছর আগে এবি ব্যাংক দিনাজপুর শাখায় চাকরিতে থাকাকালে বিভিন্ন তারিখে ২৮ লাখ ৮৭ হাজার ১০০ টাকা (এসিআই কোম্পানির দুটি অ্যাকাউন্টের) আত্মসাৎ করেন। এ ঘটনায় ব্যাংকটির শাখা ব্যবস্থাপক সাদিক খান বাদী হয়ে দিনাজপুর কোতোয়ালি থানায় তাঁর বিরুদ্ধে মামলা করেন। মামলাটি দুদক সিডিউলভুক্ত হওয়ায় কোতোয়ালি থানা-পুলিশ দুদকের দিনাজপুর কার্যালয়ে পাঠায়। দুদকের তদন্ত কর্মকর্তা মো. মাহাতাব উদ্দিন তদন্ত শেষে হুমায়রা খানমকে দোষী সাব্যস্ত করে দিনাজপুর বিশেষ জজ আদালতে মামলার অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আদালতের বিচারক গত বৃহস্পতিবার হুমায়রা খানমের বিরুদ্ধে পাঁচ বছরের কারাদণ্ডের ওই আদেশ দেন।