অর্থ আত্মসাতের পুরস্কার পদোন্নতি!
চাঁদপুরের হাজীগঞ্জে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের এক কর্মকর্তার বিরুদ্ধে ৩৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ থাকার পরও তাঁকে সম্প্রতি পদোন্নতি দেওয়া হয়েছে।প্রতিষ্ঠানটির হাজীগঞ্জ আঞ্চলিক কার্যালয় সূত্রের ভাষ্যমতে, ২০১০ সালে প্রতিষ্ঠানটির বার্ষিক হিসাব নিরীক্ষায় (অডিট) এই কার্যালয়ে কর্মরত জুনিয়র এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট খাজা মুহিউদ্দিনের বিরুদ্ধে গ্রাহকদের প্রায় ৩৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। দুই বছরের মধ্যে তাঁকে ওই অর্থ পরিশোধের নির্দেশ দেওয়া হয়। কিন্তু তিনি তা জমা না দিলেও গত মাসে তাঁকে পদোন্নতি দিয়ে একই কার্যালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। ১ এপ্রিল প্রধান কার্যালয়ের অর্থ ও হিসাব শাখার মহাব্যবস্থাপক মো. ফিরোজ আলম ও এর আগে গত বছর আইন শাখার ব্যবস্থাপক আলী আকবর মিয়া স্বাক্ষরিত দুটি নোটিশেও তাঁকে ওই অর্থ পরিশোধের নির্দেশ দেওয়া হয়।বিমা গ্রাহক মো. মিজান অভিযোগ করেন, তিনি ২০০৮ সালের মার্চে আড়াই লাখ টাকার একটি বিমা করেন। কিস্তির পরিমাণ ছিল ২৫ হাজার ৯০০ টাকা। তিনি পাঁচ কিস্তির টাকা জমা দিয়েছেন। কিন্তু তাঁর নামে তিন কিস্তির টাকা জমা হয়েছে। বাকি কিস্তির টাকা জমা করার জন্য কয়েকবার ধরনা দিয়েও প্রতিকার পাননি। আরেক গ্রাহক ফরিদা ইয়াছমিনও একই ধরনের অভিযোগ করেন। খাজা মুহিউদ্দিন বলেন, ‘আমি কোম্পানির সব পাওনা গত বছর পরিশোধ করেছি।’ তাহলে এ বছর আবারও ওই অর্থ পরিশোধের নোটিশ দেওয়া হলো কেন, জানতে চাইলে তিনি এর কোনো সদুত্তর দিতে পারেননি। কার্যালয়ের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আবু জাফর বলেন, খাজা মুহিউদ্দিনের কাছে মোট ৪২ লাখ টাকা পাওনা ছিল। ২০১০ সালে কোম্পানি এই কার্যালয়ের সব কর্মকর্তার কমিশন বাবদ পাওনা থেকে প্রায় আট লাখ টাকা কেটে নিয়ে তাঁর দেনার কিছু অংশ কমিয়ে দেয়।চাঁদপুর আঞ্চলিক কার্যালয়ের প্রধান রসুল আমিনের কাছে এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, কোম্পানির পাওনার বেশির ভাগ টাকা খাজা মুহিউদ্দিন ইতিমধ্যে পরিশোধ করেছেন। বাকি টাকাও শিগগিরই পরিশোধ করবেন।