অর্থ আত্মসাতের মামলায় চারজন কারাগারে
ক্ষমতার অপব্যবহার করে এক কোটি ৯৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় চাকরিচ্যুত দুই ব্যাংক কর্মকর্তাসহ চারজনকে কারাগারে পাঠিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। গতকাল রোববার চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমান এ আদেশ দেন। কারাগারে পাঠানো চারজন হলেন: বেসরকারি আইএফআইসি ব্যাংকের সাবেক ফার্স্ট অ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট ফয়েজ আহাম্মদ সিদ্দিকী, ব্যাংকের টেরিবাজার শাখার সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা শফিউল আজম, নোয়াখালীর সেনবাগের পলি জোন নামক প্রতিষ্ঠানের মালিক আবদুল গোফরান এবং চট্টগ্রামের রয়েল টাচ ট্রেডিং কোম্পানির মালিক আহমেদ কামাল চৌধুরী। চট্টগ্রাম মহানগর আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) কামাল উদ্দিন আহাম্মদ সাংবাদিকদের বলেন, ‘অর্থ আত্মসাতের অভিযোগে করা দুর্নীতির মামলায় এই চার আসামি হাইকোর্ট থেকে চার মাসের অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। আজ (রোববার) জামিনের মেয়াদ শেষ হলে তাঁরা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত আবেদন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠান।’