৪৫টি ভুয়া প্রকল্প দেখিয়ে সাড়ে ৪১ লাখের বেশি টাকা আত্মসাৎ এবং ওই সব প্রকল্পের নথি নষ্ট করার অভিযোগে করা দুটি মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেন দুদকের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম।
গ্রেপ্তার হওয়া মো. মিজানুর রহমান হাজী এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের মালিক। দুদকের জনসংযোগ বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।
দুদক সূত্র জানায়, ঢাকা জেলা পরিষদের অধীনে ৪৫টি ভুয়া প্রকল্পের মাধ্যমে সাড়ে ৪১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুদকের উপপরিচালক মো. আবুবকর সিদ্দিক গত বছরের অক্টোবরে দুটি মামলা করেন। এর মধ্যে একটি মামলায় আসামি ১০ জন। ওই মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ২৯টি ভুয়া প্রকল্পের নামে মোট ২৬ লাখ ৯৩ হাজার ২৫০ টাকা তুলে আত্মসাৎ করেন। একই সঙ্গে ওই প্রকল্পগুলোর নথি নষ্ট করা হয়।
একইভাবে আরও ১৬টি ভুয়া প্রকল্পের নামে ১৪ লাখ ৬৪ হাজার ৭৫০ টাকা তুলে আত্মসাৎ এবং প্রকল্পের নথি নষ্ট করা হয়। এ মামলায় আসামি সংখ্যা ১৪ জন।