অর্থ আত্মসাতের মামলায় ব্যাংক কর্মকর্তাসহ তিনজন কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি। এএফপি
প্রতীকী ছবি। এএফপি

চট্টগ্রামে ৮ কোটি টাকা আত্মসাতের মামলায় ইস্টার্ন ব্যাংকের এক ব্যবস্থাপক ও দুই ব্যবসায়ীসহ গ্রেপ্তার তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এই তিনজন হলেন ইস্টার্ন ব্যাংক চান্দগাঁও শাখার ব্যবস্থাপক সামিউল শাহেদ চৌধুরী, দুই ব্যবসায়ী মাহমুদুল হাসান ও আবদুল মাবুদ। আজ বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন।

গতকাল বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকা থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক সূত্র জানায়, ইস্টার্ন ব্যাংক লিমিটেড ঢাকার গুলশান শাখার তিন কর্মকর্তা মুহাম্মদ আজিম উল্লাহ, শাহেদ বিন মান্নান ও অনন্ত কুমার বাদী হয়ে প্রথমে থানায়, পরে দুদক কার্যালয়ে ১০টি মামলা করেন গত অক্টোবর মাসে। একটি মামলার এজাহারে বলা হয়, ইস্টার্ন ব্যাংক চান্দগাঁও শাখার গ্রাহক কণা দেকে তাঁর হিসাবে জমা হওয়া সাড়ে ১৩ লাখ টাকার এফডিআর খুলতে ২০১৬ সালের জুন মাসে অনুরোধ করেন ব্যাংকের ব্যবস্থাপক মো. ইফতেখারুল কবির। এই অনুরোধে সাড়া দিয়ে এফডিআর খুলতে রাজি হন কণা দে। কিন্তু ব্যাংক কর্মকর্তা ‘ভুয়া সিল ও সই’ দিয়ে তাঁকে একটি রসিদ দেন এবং কৌশলে একটি চেকে সই করিয়ে নেন। গত ১৮ এপ্রিল কণা দে তাঁর এফডিআরের বিপরীতে কোনো ঋণসুবিধা পাবেন কিনা জানতে ব্যাংকে খোঁজখবর নেন। তখন ব্যাংক থেকে বলা হয়, ওই নামে কোনো এফডিআর নেই। তদন্তে ব্যাংক কর্তৃপক্ষ জানতে পারে, গ্রাহকের কাছ থেকে নেওয়া চেকের মাধ্যমে ইফতেখারুল টাকাগুলো উত্তোলন করেন। এভাবে অনন্যা বড়ুয়া, রূপম বড়ুয়া, সুপ্রভা বড়ুয়া, জেসমিন ইউসুফ, আবু সাঈদসহ ২৫ গ্রাহকের টাকা আত্মসাৎ করা হয়।

মামলায় ইস্টার্ন ব্যাংকের ওআর নিজাম রোড শাখার ব্যবস্থাপক মো. ইফতেখারুল কবির এবং ওই শাখার ব্যাংক কর্মকর্তা সামিউল শাহেদ চৌধুরীসহ সাতজনকে আসামি করা হয়। মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে জাল কাগজের মাধ্যমে গ্রাহক ও ব্যাংকের ৭ কোটি ৯৫ লাখ ৪০ হাজার টাকা আত্মসাৎ করেন।

দুদকের আইনজীবী কাজী সানোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ব্যাংক কর্মকর্তাসহ গ্রেপ্তার তিনজনকে আদালতে হাজির করা হলে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। তাদের জিজ্ঞাসাবাদের জন্য দুদক থেকে রিমান্ডের আবেদন করা হবে কয়েক দিনের মধ্যে।