অর্থ আত্মসাতের মামলায় ভূমি কর্মকর্তার কারাদণ্ড
অর্থ আত্মসাতের পৃথক দুটি মামলায় উপসহকারী ভূমি কর্মকর্তা (বরখাস্ত) মোহাম্মদ আলীকে চার বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ জাহেদ মুনসুর এ আদেশ দেন।
মোহাম্মদ আলী কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শ্যামপুর গ্রামের আফিল উদ্দিনের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার এজাহার সূত্র জানায়, ২০০৫ সালের ২২ ডিসেম্বর কুষ্টিয়া সদর উপজেলার তৎকালীন মজমপুর ভূমি অফিসে উপসহকারী ভূমি কর্মকর্তা পদে দায়িত্ব পালনকালে মোহাম্মদ আলী ৩৫১৬ ও ১৪৩১ হোল্ডিং নম্বরে প্রজাদের কাছ থেকে কয়েক হাজার টাকা ভূমি উন্নয়ন কর নেন। এ সময় তিনি মূল রসিদে কয়েক শ টাকা লিখে রসিদ দেন। মোহাম্মদ আলী এভাবে কয়েক লাখ টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় প্রজারা দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়ে লিখিত অভিযোগ করেন।
দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক শহীদুল ইসলাম মোড়ল বিষয়টি তদন্ত শেষে কুষ্টিয়া সদর থানায় মোহাম্মদ আলীর বিরুদ্ধে মামলা করেন। যা পরে ১৮/১২ বিশেষ মামলায় নথিভুক্ত হয়।
অপরদিকে মোহাম্মদ আলী জগতি ইউনিয়ন ভূমি অফিসে চাকরি করাকালে খতিয়ান নম্বর ২১৪১ এবং ১৩৮৬/৯-১/০৮-০৯ নম্বর মিউটেশন কেসের প্রস্তাবিত প্রতিবেদনে স্বাক্ষর জাল করে ২২ হাজার ১৫১ টাকা ৬০ পয়সা ভূমি উন্নয়ন কর আদায় করে কার্বন কপিতে ৬০০ দশমিক ৫০ টাকা লেখেন। এই অভিযোগের ভিত্তিতে তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) ইয়াসমিন আক্তার তদন্ত শেষে মোহাম্মদ আলীর বিরুদ্ধে একটি মামলা করেন। যা পরে ৬/১২ বিশেষ মামলায় নথিভুক্ত হয়।
দুটি মামলায় আসামি মোহাম্মদ আলীকে দুই বছর করে মোট চার বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন কুষ্টিয়া আদালতে দুদক কর্তৃক নিযুক্ত পিপি আইনজীবী আমিরুল ইসলাম ও আল মুজাহিদ হোসেন। আমিরুল সাংবাদিকদের জানান, একটি দণ্ড শেষ হলে আরেকটি দণ্ড শুরু হবে। আসামিপক্ষে ছিলেন আইনজীবী অধ্যক্ষ আমিরুল ইসলাম।