অর্থ আত্মসাতের মামলায় মুন গ্রুপের চেয়ারম্যান রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অগ্রণী ব্যাংকের অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার মুন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মিজানুর রহমানকে তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
গতকাল বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম এস এম মাসুদুজ্জামান এই আদেশ দেন। আদালত একই সঙ্গে মিজানুর রহমানের জামিনের আবেদন নাকচ করে দেন।
এ মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক বেনজির আহম্মদ গতকাল মিজানুর রহমানকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। এদিকে মিজানুর রহমানের জামিনের আবেদন জানান তাঁর আইনজীবীরা। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত বুধবার রাতে ধানমন্ডি থেকে মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়। অর্থ আত্মসাতের অভিযোগে গত ৩০ জুন মতিঝিল থানায় মুন গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমান, অগ্রণী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মিজানুর রহমান খানসহ আটজনের বিরুদ্ধে মামলা করে দুদক। রাষ্ট্রায়ত্ত এই ব্যাংকটির ডিএমডি মিজানুর রহমান খান, ডিজিএম মো. আখতারুল আলম, এজিএম মো. শফিউল্লাহকে গ্রেপ্তার করা হয়। ৪ আগস্ট জামিনে মুক্তি পান মিজানুর রহমান খান।
মামলায় অভিযোগ করা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে নিজেরা লাভবান হয়ে এবং অন্যদের লাভবান করতে একটি ভবনের অস্বাভাবিক নির্মাণ ব্যয় ও আয় দেখিয়ে মিথ্যা তথ্যের ভিত্তিতে গ্রাহকের ১০৮ কোটি টাকা ঋণ মঞ্জুর করেন। আসামিরা তা থেকে ৯৪ কোটি ৮০ লাখ টাকা উত্তোলন করে নিজেরা আত্মসাৎ করেন।