অর্থ আত্মসাতের মামলায় সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপক কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রাহকদের এক কোটি এক লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় সোনালী ব্যাংক বাগেরহাট শাখার সাবেক ব্যবস্থাপক শেখ মুজিবর রহমানকে (৫৮) কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক গাজী রহমানের আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো নির্দেশ দেন।

ব্যাংক কর্মকর্তা শেখ মুজিবর রহমান জেলার রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়নের চাকশ্রী গ্রামের প্রয়াত শেখ হাসান আলীর ছেলে।

দুর্নীতি দমন কমিশনের জেলা সমন্বিত কার্যালয়ের (বাগেরহাট-খুলনা-সাতক্ষীরা) নিয়োগপ্রাপ্ত আইনজীবী মিলন কুমার ব্যানার্জি বলেন, ২০১২ সাল থেকে ১৫ সাল পর্যন্ত বাগেরহাটে সোনালী ব্যাংকের প্রধান শাখার ব্যবস্থাপকের দায়িত্বে থাকা অবস্থায় শেখ মুজিবর রহমান ও জ্যেষ্ঠ কর্মকর্তা শেখ মাহফিজুর রহমান বাবু পরস্পর যোগসাজশে ওই ব্যাংকের সাধারণ গ্রাহকদের রাখা ১ কোটি ১ লাখ ৪৫ হাজার ৬৭৯ টাকা আত্মসাৎ করেন। দুর্নীতি দমন কমিশন তদন্তে নেমে প্রাথমিক অনুসন্ধানে তাঁদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের সত্যতা পায়। এ ঘটনায় ২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর দুদকের জেলা সমন্বিত কার্যালয়ের উপপরিচালক মো. নাজমুল হাসান বাদী হয়ে ওই দুজনের বিরুদ্ধে মামলা করেন। শেখ মুজিবর রহমান উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। মেয়াদ শেষ হওয়ায় আজ দুপুরে তিনি আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক তাঁর জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। অপর আসামি শেখ মাহফিজুর রহমান বাবু (৩৭) বর্তমানে কারাগারে রয়েছেন।

এই দুই কর্মকর্তার বিরুদ্ধে ২০১৫ সালের ৩ সেপ্টেম্বর বাগেরহাট সোনালী ব্যাংকের প্রধান শাখার অভ্যন্তরীণ অডিট নিরীক্ষাকালে প্রায় সাড়ে চার কোটি টাকা অর্থ আত্মসাতের তথ্য ফাঁস হয়। এরপর ঘটনা তদন্তে ব্যাংক কর্তৃপক্ষ পৃথক দুটি কমিটি গঠন করে। অভ্যন্তরীণ অডিটে অর্থ আত্মসাতের সত্যতা মেলায় দুজনকে ওই বছরের ডিসেম্বরে ব্যাংক কর্তৃপক্ষ সাময়িক বরখাস্ত করে।