অর্থ আত্মসাতের মামলায় ৩ জনকে গ্রেপ্তার করল দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের জমি অধিগ্রহণের প্রায় ২০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় গতকাল সোমবার তিনজনকে গ্রেপ্তার করেছে দুদক।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কক্সবাজার জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ (এলএ) শাখার উচ্চমান সহকারী আবুল কাশেম মজুমদার, কক্সবাজার আদালতের আইনজীবী নুর মোহাম্মদ সিকদার, কক্সবাজারের সাবেক সার্ভেয়ার (বর্তমানে চট্টগ্রাম সদর ভূমি কার্যালয়ে সার্ভেয়ার পদে কর্মরত) মো. ফখরুল ইসলাম।

দুদকের চট্টগ্রামের উপপরিচালক সৈয়দ আহমেদ বলেন, ভুয়া কাগজপত্র দেখিয়ে জমি অধিগ্রহণের টাকা আত্মসাতের অভিযোগে ২০১৪ সালের ৭ ডিসেম্বর ২০ জনের বিরুদ্ধে মামলা করে কক্সবাজার জেলা প্রশাসন। জেলা প্রশাসনের পক্ষে ভূমি হুকুমদখল কর্মকর্তা এম এম মাহমুদুর রহমান ওই মামলা করেন। দুদক ওই মামলার তদন্ত করেছে। দুদকের তদন্তে ওই দুর্নীতির সঙ্গে কক্সবাজার জেলা প্রশাসনের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর সম্পৃক্ততা পাওয়া গেছে। মামলার অভিযোগপত্রে তাঁদের ‘তদন্তে আগত আসামি’ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। তদন্তের সূত্র ধরে গতকাল চট্টগ্রামে ফখরুল ইসলামকে ও কক্সবাজারে আবুল কাশেম মজুমদার ও নুর মোহাম্মদ সিকদারকে গ্রেপ্তার করা হয়েছে।

দুদকের সহকারী পরিচালক অজয় কুমার সাহা বলেন, ফাঁদ পেতে গতকাল কক্সবাজার আইনজীবী সমিতি ভবনের সামনে থেকে আইনজীবী নুর মোহাম্মদ সিকদারকে গ্রেপ্তার করা হয়। এর প্রায় দেড় ঘণ্টা পর গ্রেপ্তার করা হয় আবুল কাশেম মজুমদারকে। অন্যদিকে চট্টগ্রাম নগরের চট্টেশ্বরী এলাকার সদর ভূমি কার্যালয়ের সামনে থেকে ফখরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

দুদক ও পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।