অর্থ আত্মসাৎ মামলা: ৪ জনকে গ্রেপ্তার দুদকের
প্রায় অর্ধকোটি টাকা আত্মসাতের মামলায় রাজধানীর ইসলামিয়া মার্কেট বণিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ চারজনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ রোববার দুপুর দেড়টার দিকে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে ওই চারজনকে গ্রেপ্তার করে দুদকের উপপরিচালক রফিকুল ইসলামের নেতৃত্বে একটি দল।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—সমিতির সভাপতি মো. আব্দুর রাজ্জাক ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো. আলী আক্কাস, সহসভাপতি মো. আমির খোকন ও সাবেক সভাপতি মো. মকবুল হোসেন খান।
গত বছরের ৬ ডিসেম্বর এই চারজনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করেন দুদকের উপপরিচালক রফিকুল ইসলাম। তিনি বলেন, তদন্তের প্রয়োজনে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। দুদক কার্যালয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিকেলে তাঁদের আদালতে হাজির করা হবে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, জনৈক মো. আনোয়ারউল্যাহ খন্দকারের কাছ থেকে দুটি চুক্তিপত্রের মাধ্যমে সমবায় সমিতির অনুকূলে দুই দফায় মোট ৪১ লাখ ১৬ হাজার টাকা নেওয়া হয়। কিন্তু চুক্তিপত্র অনুসারে ওই টাকা ফেরত না দিয়ে পুরো টাকাই আত্মসাৎ করেন অভিযুক্ত ব্যক্তিরা।
দুদকের অনুসন্ধানে অভিযোগ প্রমাণিত হওয়ায় ৪০৬ / ৪২০ / ১০৯ ধারায় মামলাটি অনুমোদন দেয় কমিশন।