অর্থ আত্মসাৎ মামলায় গ্রামীণ ব্যাংকের সাবেক তিন কর্মকর্তার কারাদণ্ড
বরিশালে গ্রামীণ ব্যাংকের সাবেক তিন কর্মকর্তাকে ১০ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া প্রত্যেককে পাঁচ লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় ওই রায় দেন আদালত।
গতকাল বুধবার দুপুরে বরিশাল বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক ওই আদেশ দেন।
বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর শাখা গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপক দেলোয়ার হোসেন, কর্মকর্তা শাহ আলম ও কেন্দ্র ব্যবস্থাপক মনিরুল ইসলামের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা করে দুদক। মামলায় প্রায় তিন লাখ টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই দণ্ডাদেশ দেওয়া হয়।
মামলা সূত্রে জানা যায়, ২০১০ সালের ২৯ জুলাই থেকে ২০১১ সালের ৬ জুলাইয়ের মধ্যে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা ৬ গ্রাহকের নামে ৪ লাখ ১৭ হাজার টাকা ঋণ উত্তোলন করেন। এর মধ্যে ১ লাখ ১৯ হাজার ৪১৬ টাকা পরিশোধ করলেও বাকি ২ লাখ ৯৭ হাজার ৫৮৪ টাকা আত্মসাৎ করেন তাঁরা। এ ঘটনায় ২০১৩ সালের ২৪ নভেম্বর বরিশাল দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ের সহকারী পরিচালক ওয়াজেদ আলী গাজী বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি বরিশাল দুদকের উপসহকারী পরিচালক নাজিমউদ্দিন ওই তিনজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। আদালত ১৯ জনের সাক্ষ্য গ্রহণ শেষে গতকাল ওই রায় দেন।