অর্থ আত্মসাতের মামলায় ছাত্রলীগের বর্তমান ও সাবেক চার নেতাকে আসামি করায় বগুড়া সরকারি আযিযুল হক কলেজ শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা গত মঙ্গলবার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। এই মামলাকে ষড়যন্ত্রমূলক ও মিথ্যা আখ্যায়িত করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন তাঁরা। কলেজের প্রায় সাড়ে ৬৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গত সোমবার ওই মামলা করে দুর্নীতি দমন কমিশন।মামলার আসামিরা হলেন, ছাত্রলীগ কলেজ শাখার আহ্বায়ক আবু জাফর মাহমুদুন নবী, যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান ও কামরুল হুদা এবং ছাত্রলীগের সাবেক নেতা বর্তমানে জেলা যুবলীগের সদস্য আমিনুল ইসলাম। এ ছাড়া একই মামলায় কলেজের সাবেক অধ্যক্ষ সুলতান আলী এবং ১৮ জন কর্মচারীকেও আসামি করা হয়েছে।কলেজ সূত্রে জানা গেছে, সকালে ছাত্রলীগের নেতা-কর্মীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। ক্যাম্পাসের বটতলায় সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রলীগের নেতা নাসির উদ্দিন। বক্তব্য দেন বগুড়া শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, ছাত্রলীগের কর্মী সাজ্জাদুর রহমান, মাসুম তালুকদার প্রমুখ।