অর্থ আদায়ে হল-মার্কের বিরুদ্ধে আরেকটি মামলা
হল-মার্ক গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে নয় কোটি ৯৩ লাখ টাকা আদায়ে আজ রোববার অর্থঋণ আদালতে মামলা করেছে সোনালী ব্যাংক। সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার দত্ত এ তথ্য জানিয়েছেন। অর্থ কেলেঙ্কারির প্রায় দুই বছর পর এ মামলা হলো
এর আগে গত মঙ্গল ও বৃহস্পতিবার ঢাকার অর্থঋণ আদালত-১-এ মোট নয়টি মামলা করা হয়। আজকেরটি নিয়ে মামলার সংখ্যা দাঁড়াল ১০।
শিগগিরই আরও মামলা করা হবে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। সোনালী ব্যাংকের হোটেল রূপসী বাংলা (সাবেক শেরাটন) শাখা মামলাগুলো করেছে।
মামলায় বিবাদী করা হয়েছে হল-মার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলাম ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর মাহমুদকে।
এর আগে অর্থঋণ আদালত আইন, ২০০৩-এর ১২(৩) ধারা অনুসারে হল-মার্কের বিভিন্ন সম্পত্তি নিলামে দেওয়া হয়। ১০ ও ১৬ মার্চ দুই দফায় এই নিলামের আহ্বান ছিল, কিন্তু দরদাতা পাওয়া যায়নি। সোনালী ব্যাংক কর্তৃপক্ষ জানায়, এখন নিয়ম অনুসারে টাকা আদায়ে মামলা করা হচ্ছে।
বৃহস্পতিবার হল-মার্ক এক্সেসরিজের কাছে ১০ কোটি ৯২ লাখ টাকা, হল-মার্ক স্টাইলের কাছে নয় কোটি ১৮ লাখ এবং হল-মার্ক প্যাকেজিংয়ের কাছে এক কোটি আট লাখ টাকা পাওনা আদায়ে মামলা করা হয়। আর গত মঙ্গলবার হল-মার্ক ডেনিম কম্পোজিটের কাছ থেকে ১৬ কোটি ৭৭ লাখ টাকা, হল-মার্ক নিট কম্পোজিট থেকে ছয় কোটি ৩৫ লাখ, জিসান নিট কম্পোজিট থেকে পাঁচ কোটি ১৩ লাখ, ফারহান ফ্যাশন থেকে ২৮ লাখ ৫৬ হাজার টাকা, পারফেক্ট অ্যামব্রয়ডারি থেকে পাঁচ কোটি ৬৫ লাখ এবং হল-মার্ক নিটিং অ্যান্ড ডায়িংয়ের কাছ থেকে তিন কোটি ৫৬ লাখ টাকা আদায়ে মামলা করা হয়।
ফন্দিফিকির, যোগসাজশ ও জাল-জালিয়াতির মাধ্যমে সোনালী ব্যাংকের হোটেল রূপসী বাংলা শাখা থেকে ২০০৯-১০ সালে দুই হাজার ৬৬৮ কোটি টাকা তুলে নেয় হল-মার্ক গ্রুপ। এই অর্থ সরিয়ে নিতে বিভিন্ন ব্যাংক থেকে অভ্যন্তরীণ বিল সৃষ্টি করে সোনালী ব্যাংকের স্বীকৃতি নেওয়া হয়, যার প্রায় অর্ধেকটা পরবর্তী সময়ে ফান্ডেড ঋণে পরিণত হয়েছে। এই ফান্ডেড ঋণগুলো আদায়ে এখন মামলা হচ্ছে।
অবশ্য, দুর্নীতি দমন কমিশন (দুদক) ২০১২ সালের অক্টোবরে হল-মার্কের বিরুদ্ধে এক হাজার ৫৬৮ কোটি টাকা জালিয়াতিতে ১১টি মামলা করেছে। এই মামলায় হল-মার্ক গ্রুপের এমডি তানভীর মাহমুদসহ, সোনালী ব্যাংক ও হল-মার্কের কয়েকজন কর্মকর্তা বর্তমানে কারাগারে আছেন।