অর্থ আদায়ের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের পশ্চিম নাওড়ী গ্রামে পল্লী বিদ্যুতের লাইন নির্মাণের নামে গ্রাহকদের কাছ থেকে টাকা আদায়ের ঘটনা তদন্তে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক শংকর লাল দত্ত গত বুধবার এ কমিটি গঠন করেন।
জানতে চাইলে তদন্ত কমিটি গঠনের কথা নিশ্চিত করেন নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক শংকর লাল দত্ত। গতকাল বৃহস্পতিবার তিনি বলেন, বুধবার প্রথম আলোয় ‘পল্লী বিদ্যুতের লাইনের জন্য আট বছর ধরে অপেক্ষা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পরিপ্রেক্ষিতে তিনি তদন্ত কমিটি গঠন করেন।
কমিটির প্রধান করা হয়েছে সহকারী মহাব্যবস্থাপক (প্রকৌশল) বিজয় কৃষ্ণ সাহাকে। অন্য দুই সদস্য হলেন সহকারী প্রকৌশলী আবদুল হান্নান ও সহকারী মহাব্যবস্থাপক (এজিএম-কম) ইকবাল হোসেন। কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
এক প্রশ্নের জবাবে জিএম শংকর লাল দত্ত বলেন, ‘সংস্থার নিয়ম অনুযায়ী পল্লী বিদ্যুতের সংযোগ কিংবা লাইন নির্মাণের জন্য অবৈধভাবে অর্থ লেনদেনের কোনো সুযোগ নেই। তদন্তে অর্থ লেনদেনের অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
এলাকার বাসিন্দাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০০৬-০৭ অর্থবছরে সোনাইমুড়ীর আমিশাপাড়া ইউনিয়নের পশ্চিম নাওড়ী গ্রামে সাবেক সাংসদের কোটায় বিদ্যুতায়নের কাজ শুরু করে নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি। এরপর সোনাপুর এলাকার জসিম উদ্দিন পল্লী বিদ্যুতের কর্মকর্তা ও বিএনপির নেতা-কর্মীদের কথা বলে ওই এলাকার বাসিন্দাদের কাছ থেকে বিভিন্ন সময় প্রায় সাড়ে ছয় লাখ টাকা আদায় করেন।
প্রথম আলোর সঙ্গে আলাপকালে জসিম উদ্দিন (বর্তমানে পল্লী বিদ্যুতের ঠিকাদার) বিদ্যুৎ দেওয়ার কথা বলে লোকজনের কাছ থেকে টাকা নেওয়ার কথা স্বীকারও করেছেন।
পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে, প্রকল্প বাতিল হওয়ায় লাইনটির নির্মাণকাজ এত দিন বন্ধ ছিল। সম্প্রতি নতুন একটি প্রকল্পের অধীন লাইনটির অসমাপ্ত কাজ শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে।