দেশের উন্নয়ন ও অর্থনীতির স্বার্থে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব একজনের হাতে থাকা উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন। তিনি বলেছেন, ‘বর্তমানে অর্থ ও পরিকল্পনামন্ত্রীর মধ্যে বিভিন্ন সময় যে বাদানুবাদ হয়, তা আমাদের ভালো লাগে না।’
গতকাল শুক্রবার বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) সম্মেলনকক্ষে পিআইবি ও ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত বাজেট রিপোর্টিং-বিষয়ক এক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফরাসউদ্দিন এ কথা বলেন।
ফরাসউদ্দিন বলেন, অতীতেও একই ব্যক্তির হাতে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় ছিল। সেটিই ভালো।
এ ছাড়া সাবেক এই গভর্নর মনে করেন, রাষ্ট্র মালিকানাধীন একমাত্র সোনালী ব্যাংককে রাষ্ট্র খাতে রেখে বাকি রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে পর্যায়ক্রমে বেসরকারি খাতে ছেড়ে দেওয়া উচিত। একই সঙ্গে তিনি অর্থবছর পরিবর্তনের দাবি জানিয়ে এটাকে জানুয়ারি থেকে ডিসেম্বর করার প্রস্তাব করেন।