অর্থ ও বাণিজ্য মন্ত্রীর পদত্যাগ দাবি মওদুদের
শেয়ারবাজারের দরপতন ঠেকাতে ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে ব্যর্থতার জন্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও বাণিজ্যমন্ত্রী ফারুক খানের পদত্যাগ দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।গতকাল রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘প্রতিহিংসার রাজনীতি: সংকটের আবর্তে বাংলাদেশ/ দেশপ্রেমিকদের করণীয়’ শীর্ষক গোলটেবিল আলোচনায় মওদুদ আহমদ এ দাবি করেন।মওদুদ আহমদ বলেন, ‘গত দুই সপ্তাহ ধরে অর্থমন্ত্রী ক্ষুদ্র বিনিয়োগকারীদের আশ্বস্ত করেছেন যে শেয়ারবাজার স্থিতিশীল হবে। উনি যখনই বলেন হবে, তখনই দেখা যায় হয় না। অর্থমন্ত্রী হিসেবে আপনার যে দায়িত্ব, আশা করি সেই দায়িত্ব পালনে ব্যর্থতা স্বীকার করে পদত্যাগ করবেন।’বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে বিএনপির এই নেতা বলেন, ‘বাণিজ্যমন্ত্রী যখনই বলেন দাম কমবে, দেখা যায় তখনই দাম বেড়ে গেছে। দুই-তিন দিন আগে তিনি (বাণিজ্যমন্ত্রী) বলেছিলেন, তেলের দাম কমবে। দেখা গেছে তেলের দাম চার টাকা বেড়েছে। তাই ওনাকেও বলব আপনি পদত্যাগ করুন। আর দয়া করে আপনি দ্রব্যমূল্য নিয়ে কোনো বক্তব্য রাখবেন না।’ বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত এই আলোচনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাইদুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, সাংসদ শাম্মী আক্তার, ইসলামী ঐক্য জোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী প্রমুখ।