অর্থ ও লোকবলসংকটে বন্ধের পথে নজরুল পাবলিক লাইব্রেরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থসংকট ও লোকবলের অভাবে গোপালগঞ্জের প্রথম গ্রন্থাগার ‘নজরুল পাবলিক লাইব্রেরি’র অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। জেলা প্রশাসনের অধীন এই গ্রন্থাগারে চার বছর ধরে কোনো সরকারি অনুদান দেওয়া হয়নি। এ কারণে নতুন বই কেনা হচ্ছে না। আসবাবপত্রও পুরোনো হয়ে গেছে। বেতন না পেয়ে একমাত্র পিয়ন চাকরি ছেড়ে চলে গেছে। ছয় দশক ধরে অবৈতনিক গ্রন্থাগারিক হিসেবে কর্মরত মঈন উদ্দীন এটির দেখভাল করছেন।গ্রন্থাগারের কার্যালয় সূত্রে জানা গেছে, পঞ্চাশের দশকে গ্রন্থাগারটি প্রতিষ্ঠা করা হয়। শুরু থেকেই জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এটি পরিচালিত হয়েছে। কিন্তু চার বছর এটি পরিচালনার জন্য কোনো অনুদান পাওয়া যায়নি। এ কারণে এ গ্রন্থাগারে নতুন বই কেনা হয়নি। পুরোনো অনেক বই ছিঁড়ে গেছে। এগুলো বাঁধাই করানোর টাকাও নেই। একটি একতলা পাকা ভবনের তিনটি কক্ষে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে গ্রন্থাগারের কার্যক্রম।গ্রন্থাগারিক মঈন উদ্দিন বলেন, ‘বেতন দিতে না পারায় চার বছর ধরে পিয়ন আসে না। বৃদ্ধ বয়সে আমাকে গ্রন্থাগার পরিষ্কার ও বই গোছাতে হয়। পত্রিকার দোকানে ২০ হাজার টাকা বিল বাকি পড়ে আছে। তাই পত্রিকা সরবরাহ বন্ধ হয়ে গেছে। অনেক বই নষ্ট হয়ে যাচ্ছে। নতুন আলমারি প্রয়োজন। দরজা-জানালাগুলো রং করা দরকার। চেয়ারগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এসব সমস্যা সমাধানের জন্য জেলা প্রশাসনও জেলা পরিষদে অনেকবার গিয়েছি। কিন্তু কোনো কাজ হয়নি।’গোপালগঞ্জ জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাজমুল ইসলাম জানান, গ্রন্থাগারটি চালু রাখার জন্য প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ বরাদ্দ দেওয়া প্রয়োজন। একই সঙ্গে এখানে একজন পিয়ন ও ঝাড়ুদার নিয়োগ দেওয়া প্রয়োজন। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি গাজী মোস্তাফিজুর রহমান জানান, গ্রন্থাগারে সহায়তা করার জন্য জেলা পরিষদের তহবিল রয়েছে। জেলা পরিষদ উদ্যোগ নিলে প্রতিষ্ঠানটি টিকে থাকবে।জেলা প্রশাসক মো. খলিলুর রহমান জানান, গ্রন্থাগারের বিষয়ে জেলা পরিষদের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রণব কুমার রায় জানান, এ ব্যাপারে জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা হতে পারে। প্রতিষ্ঠানটি জেলা পরিষদকে দিলে এখানে লোক নিয়োগ দিয়ে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করার সুযোগ আছে।