গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনের চার চেয়ারম্যান প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ও বর্তমান চেয়াম্যান মুহামঞ্চদ ইকবাল হোসেনের অর্থ ও সম্পদ দুটোই বেড়েছে। চার প্রার্থীর কারও বিরুদ্ধে কোনো মামলা নেই। উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করা প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে।
শিক্ষাগত যোগ্যতা ও পেশা: মুহাম্মদ ইকবাল হোসেন বিএ পাস। ২০০৯ সালে তাঁর পেশা ছিল সাধারণ ব্যবসায়ী, সরবরাহকারী ও ঠিকাদার। বর্তমানে তাঁর পেশা কৃষি, মৎস্য ও অন্যান্য সাধারণ ব্যবসা। বিএনপি-সমর্থিত প্রার্থী মো. আবদুল মোতালেব ব্যবসায়ী। তিনি বিএসসি পাস। আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী মো. আবদুল জলিল বিএ পাস। জেসমি ইন্টারন্যাল ট্রেডার্স নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। স্বতন্ত্র প্রার্থী সামসুদ্দিন খন্দকার এসএসসি পাস। তাঁর কোনো পেশা নেই। আয়ের উৎস কৃষি খাত।
সম্পদ: মুহাম্মদ ইকবাল হোসেন বার্ষিক আয় তিন লাখ ৫৯ হাজার ৫০০ টাকা। এর মধ্যে কৃষি খাত থেকে ৪৬ হাজার টাকা, গৃহ ও সম্পত্তির আয় ৬৭ হাজার ৫০০ টাকা ও ভাতা থেকে দুই লাখ ৪৬ হাজার টাকা আয় করেন। নগদ টাকা ২৯ লাখ ৮১২ টাকা, নিজ নামের স্বর্ণ রয়েছে ১০ তোলা, ইলেকট্রনিকস সামগ্রী এক লাখ ২৫ হাজার ও আসবাবপত্র রয়েছে এক লাখ টাকার। অস্থাবর সম্পত্তির মধ্যে কৃষি জমি রয়েছে ২০৫ শতাংশ, অকৃষি ১৪৯ শতাংশ এবং গাজীপুর শহরে যৌথ মালিকায় রয়েছে ১৫ শতাংশ জমি।
২০০৯ সালের হলফনায় ইকবাল তাঁর ব্যবসা থেকে আয় দেখিয়েছিলেন দুই লাখ ১৫ হাজার। অস্থাবর সম্পদের মধ্যে ছিল নগদ টাকা ২৩ লাখ ৫৫ হাজার ১২ টাকা, ব্যাংকে জমা ছিল এক লাখ ২৪ হাজার ৬০৭ টাকা, নিজ নামে স্বর্ণ ১০ তোলা, ইলেকট্রনিকস এক লাখ ২৫ হাজার ও এক লাখ টাকার আসবাবপত্র ছিল।
আবদুল মোতালেব পেশায় ব্যবসায়ী। তিনি ব্যবসা থেকে আয় দেখিয়েছেন দুই লাখ টাকা, কৃষি খাত থেকে ৪০ হাজার। অস্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে নগদ ছয় লাখ, ব্যাংকে জমা পাঁচ হাজার, ইলেকট্রনিকস সামগ্রী ৫১ হাজার, আসবাবাপত্র ৬০ হাজার এবং স্ত্রীর নামে স্বর্ণ রয়েছে পাঁচ ভরি। স্থাবর সম্পত্তির মধ্যে কৃষি জমি ৯০ শতাংশ, যৌথ মালিকায় ১০ বিঘা, স্ত্রীর নামের সম্পত্তি রয়েছে দুই বিঘা।
পেশায় ব্যবসায়ী মো. আবদুল জলিল বাড়ি ভাড়া থেকে আয় করেন দুই লাখ ২৫ হাজার, ব্যবসা থেকে ৫৫ হাজার। অস্থাবর সম্পত্তির মধ্যে নগদ টাকা রয়েছে ৫০ হাজার, ব্যাংকে জমা ৫৫ হাজার, ২২ লাখ টাকা মূল্যে একটি গাড়িও রয়েছে তাঁর। নিজ নামে ইলেকট্রনিকস সামগ্রী ৮০ হাজার, আসবাবপত্র এক লাখ। নিজ নামে স্বর্ণ রয়েছে এক লাখ ২০ হাজার টাকা এবং স্ত্রীর নামে ২৪ হাজার ৫০০ টাকা। স্থাবর সম্পত্তির মধ্যে নিজ নামে কৃষি জমি ১৫ বিঘা, স্ত্রীর নামে এক বিঘা, অকৃষি নিজ নামে পাঁচ বিঘা ও স্ত্রীর নামে এক বিঘা। তাঁর এক কোটি ৫০ লাখ টাকার দ্বিতল একটি বাড়ি এবং ১০ কাঠার ওপর সেমি পাকা ৩৪টি রুম রয়েছে।
স্বতন্ত্র প্রার্থী সামছুদ্দিন খন্দকারের কোনো পেশা নেই। তিনি কৃষি খাত থেকে আয় দেখিয়েছেন এক লাখ ৫০ হাজার টাকা। অস্থাবর সম্পত্তি রয়েছে নগদ এক লাখ ৫০ হাজার টাকা, আসবাবপত্র ৫০ হাজার টাকা। স্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে কৃষি জমি ৩০ বিঘা ও অকৃষি জমি ২০ লাখ টাকা মূল্যের।
রিটার্নিং কর্মকর্তা ও গাজীপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহনওয়াজ দিলরুবা খান জানান, প্রার্থীদের সব তথ্য ভোটারদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।