অর্থ চুরি: এফবিআইয়ের সঙ্গে বসবে সিআইডি

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনার মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের বাংলাদেশ কার্যালয়ের কর্মকর্তার সঙ্গে কাল শুক্রবার আলোচনায় বসবে এ মামলার তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ ছাড়া ইন্টারপোলের সঙ্গে এ ব্যাপারে আলোচনা করবে তদন্ত সংস্থাটি। আজ বৃহস্পতিবার সিআইডির উপমহাপরিদর্শক (ডিআইজি) সাইফুল ইসলাম এসব কথা জানান।
রিজার্ভের অর্থ চুরি যাওয়ার ৪০ দিন পর বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে গত মঙ্গলবার মতিঝিল থানায় মামলা দায়ের করা হয়। মানি লন্ডারিং প্রতিরোধ এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে ওই মামলা করা হয়। মতিঝিল থানার ১৫ নম্বর মামলাটির তদন্তের ভার পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডিতে স্থানান্তর করা হয়েছে। রিজার্ভের অর্থ চুরি যাওয়ার ঘটনায় আনুষ্ঠানিকভাবে তদন্তকাজ শুরুর পরই গতকাল বুধবার সিআইডির একটি তদন্ত দল দিনভর বাংলাদেশ ব্যাংকে গিয়ে সেখানকার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে। পাশাপাশি আর্থিক লেনদেনের বার্তা আদান-প্রদানকারী আন্তর্জাতিক নেটওয়ার্ক সুইফটের বিভিন্ন প্রক্রিয়া সম্পর্কে ধারণা নেয়। আজও সিআইডির দলটি বাংলাদেশ ব্যাংকে যায়।
এরপরই সিআইডির উপমহাপরিদর্শক (ডিআইজি) সাইফুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সাংবাদিক এ সময় জানতে চান, আজ আপনারা কি করলেন। এর জবাবে তিনি বলেন, ফরেন এক্সচেঞ্জ এবং সিকিউরিটি সার্ভিল্যান্স ইকুইপমেন্ট আমরা জব্দ করেছি। বাংলাদেশ ব্যাংকের কম্পিউটার নেটওয়ার্কের কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছিলো, কতটুকু নিরাপদ ছিলো এবং কিভাবে তা ভেদ করলো সে বিষয়গুলো নিয়ে পর্যালোচনা করা হয়েছে। সাইফুল ইসলাম বলেন, ‘যে কম্পিউটার ও প্রিন্টার থেকে হেকিংটা হয়েছে এবং যে সার্ভার থেকে মেসেজগুলো গেছে সেগুলো জব্দ করা হয়েছে।’
মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের সঙ্গে আপনাদের কথা হয়েছে কি না—জানতে চাইলে ডিআইজি সাইফুল ইসলাম বলেন, আগামীকাল (শুক্রবার) দুপুরে এফবিআইয়ের বাংলাদেশ অফিসের প্রধান আলোচনার জন্য আসবেন। ইন্টারপোলের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তাদের মাধ্যমে বিভিন্ন গোয়েন্দা তথ্য সংগ্রহের চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।
বাংলাদেশ ব্যাংকের সদ্য সাবেক গভর্নর আতিউর রহমানকে জিজ্ঞাসাবাদ করা হবে কি না—সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে সাইফুল ইসলাম বলেন, তদন্তের স্বার্থে আতিউর রহমানকেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে।
অর্থ চুরির মামলার এজাহারে বলা হয়, ৫ ফেব্রুয়ারি শুক্রবার সকালে কেন্দ্রীয় ব্যাংকের ডিলিং রুমের (যেখান থেকে লেনদেনের পরামর্শ আদান-প্রদান করা হয়) সুইফট সিস্টেমের ত্রুটি ধরা পড়ে। তবে প্রথমে সেটিকে স্বাভাবিক সমস্যা হিসেবে মনে করা হয়। ৬ ফেব্রুয়ারি শনিবার বিকল্প পদ্ধতিতে সুইফট সফটওয়্যার চালু করে কিছু অননুমোদিত বার্তার বিষয়টি নিশ্চিত হন ডিলিং রুমের কর্মকর্তারা। ওই দিন দুপুরেই ই-মেইল ও ফ্যাক্সের মাধ্যমে অননুমোদিত লেনদেনগুলো স্থগিত রাখার অনুরোধ পাঠানো হয় যুক্তরাষ্ট্রের ব্যাংকের কাছে। পরে ৮ ফেব্রুয়ারি ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনসহ মোট ছয়টি ব্যাংকের কাছে ‘স্টপ পেমেন্ট বা অর্থ পরিশোধ বন্ধ’ অনুরোধ বার্তা পাঠানো হয়।