অর্থ দিচ্ছে না বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অব্যবহৃত টাকা ফেরত না পেয়ে অসংক্রামক ব্যাধি মোকাবিলা কর্মসূচিতে অর্থ দেওয়া বন্ধ রেখেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
অব্যবহৃত টাকা ফেরত দিতে ওই কর্মসূচির তৎকালীন লাইন ডিরেক্টরের দেওয়া চেক প্রত্যাখ্যাত (ডিজঅনার) হওয়ার পর থেকে সংস্থাটি অর্থ দিচ্ছে না। তবে ওই কর্মকর্তা বলেছেন, ব্যাংক হিসাবে টাকা না থাকার বিষয়টি তাঁকে কেউ জানাননি।
স্বাস্থ্য মন্ত্রণালয় ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সূত্র বলেছে, সংস্থার ঢাকা ও নয়াদিল্লি কার্যালয় টাকা ফেরত চেয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে তিনটি চিঠি দিয়েছে। কিন্তু টাকা ফেরত পায়নি। অসংক্রামক ব্যাধি কর্মসূচিতে বাংলাদেশের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার টাকা বরাদ্দ আছে। তবে আগের টাকা ফেরত না পেলে তারা আর টাকা দেবে না।
গত সোমবার স্বাস্থ্যসচিব সৈয়দ মনজুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। দোষী যে-ই হোক, তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
চেকের ফটোকপি, তদন্তসংশ্লিষ্ট কাগজ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সূত্র বলেছে, অসংক্রামক ব্যাধি কর্মসূচির তৎকালীন লাইন ডিরেক্টর আমীরুল হাসান ২০১৪ সালের ১৪ ডিসেম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব নম্বরে একটি চেক দেন। কর্মসূচির অব্যবহৃত ৮ লাখ ৪৫ হাজার ৯৯০ টাকা ফেরত দিতে তিনি ওই চেক লিখেছিলেন। কিন্তু লাইন ডিরেক্টরের ব্যাংক হিসাবে ওই পরিমাণ টাকা না থাকায় সংস্থাটি টাকা পায়নি।
অন্য একটি অনিয়মের অভিযোগে আমীরুল হাসান এখন ওএসডি। সোমবার তিনি প্রথম আলোকে বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার টাকা সরকারি কর্মসূচিতে খরচ করেছিলেন। ২০১৪ সালের ১৪ ডিসেম্বর তিনি চেক লিখেছিলেন। ২১ ডিসেম্বর তাঁকে ওএসডি করা হয়। ব্যাংক হিসাবে টাকা না থাকার বিষয়টি তাঁকে কেউ জানাননি।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘টাকার অঙ্কটি এখানে প্রধান বিবেচ্য নয়। বিবেচ্য দেশের ভাবমূর্তির বিষয়টি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতো একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের পক্ষে টাকা ফেরত চেয়ে তিনবার চিঠি দেওয়া খুবই লজ্জার বিষয়।’
বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক কর্মকর্তা বলেন, হৃদ্রোগ, ডায়াবেটিস, ক্যানসার, উচ্চরক্তচাপ—এসব অসংক্রামক ব্যাধি মোকাবিলায় দেশের সাত বিভাগের সাতটি উপজেলায় কর্মসূচি বাস্তবায়নে অর্থ দিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কাজের অগ্রগতি অসন্তোষজনক হওয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওই কর্মসূচি বন্ধ করে দেয়। আর অব্যবহৃত টাকা ফেরত দেওয়ার অনুরোধ জানায়।
ওই কর্মকর্তা বলেন, আমীরুল হাসানের চেক ২০১৪ সালের ডিসেম্বরে ‘ডিজঅনার’ হওয়ার পর তাঁরা বিষয়টি লিখিতভাবে স্বাস্থ্যসচিবকে জানান। এরপর তাঁরা আবার চিঠি দেন। বিষয়টি সংস্থার নয়াদিল্লির আঞ্চলিক কার্যালয়ের নজরে আসে। তখন আঞ্চলিক পরিচালক পুনম ক্ষেত্রপাল সিং বিষয়টির সুরাহার জন্য বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিঠি দেন। এমন অভিযোগ আগে আফ্রিকার কিছু দেশের বিরুদ্ধে শোনা যেত।
২০১৪ সালের ২১ ডিসেম্বর ‘স্বাস্থ্য প্রশিক্ষণের নামে ৩ কোটি টাকা লোপাট’ শিরোনামে প্রথম আলোয় আমীরুল হাসানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন ছাপা হয়। ওই দিনই স্বাস্থ্য মন্ত্রণালয় তাঁকে ওএসডি করে।