রানা প্লাজা ধসে হতাহতদের ক্ষতিপূরণ তহবিলে অর্থ দেওয়ার জন্য বৈশ্বিক ব্র্যান্ডগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইউরোপীয় সাতটি দেশের মন্ত্রীরা। এরপর অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার (ওইসিডি) দায়িত্বশীল ব্যবসায়িক আচরণ (রেসপনসিবল বিজনেস কনডাক্ট) বিষয়ক মন্ত্রী পর্যায়ের এক বৈঠক থেকে মন্ত্রীদের ওই আহ্বানকে স্বাগত জানিয়ে বলা হয়, এতে বাণিজ্যে দায়িত্বশীল আচরণের গুরুত্ব প্রতিফলিত হয়েছে।
নেদারল্যান্ডস, ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, ডেনমার্ক এবং স্পেনের মন্ত্রীরা গত বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) সমর্থিত চার কোটি ডলারের ক্ষতিপূরণ তহবিলে রানা প্লাজার কারখানায় কাজ করানো কোম্পানিগুলোর অনেকে অর্থ না দেওয়ায় দুঃখ প্রকাশ করেন। ওই তহবিলে এ পর্যন্ত অর্ধেকের কম অর্থ জমা হয়েছে।
ইউরোপীয় এসব মন্ত্রী বিবৃতিতে বলেন, রানা প্লাজার কারখানাগুলো থেকে পোশাক সরবরাহের জন্য যেসব কোম্পানি চুক্তিবদ্ধ ছিল, তাদের প্রতি আমরা ওই ট্রাস্ট ফান্ডে উদারভাবে অর্থ দেওয়ার জন্য জোর সুপারিশ করছি।
নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্যবিষয়ক মন্ত্রী লিলিয়ান প্লোমেনের নেতৃত্বে ইউরোপের এই সাতজন মন্ত্রী বাংলাদেশ সরকার এবং বাংলাদেশি পোশাকশিল্পের মালিকদের সংগঠনের প্রতিও তাঁদের অর্থের পরিমাণ বাড়ানোর আহ্বান জানিয়ে চিঠি দিয়েছেন। তাঁরা একই সঙ্গে এ ক্ষেত্রে জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করারও আহ্বান জানান।
প্যারিসে বৃহস্পতি ও শুক্রবার দুই দিন ধরে অনুষ্ঠিত ওইসিডির দায়িত্বশীল বাণিজ্যিক আচরণবিষয়ক গ্লোবাল ফোরামের প্রাক্কালে ইউরোপীয় মন্ত্রীরা এই বিবৃতি দেন। এরপর ওইসিডির মন্ত্রী পর্যায়ের এই ফোরাম থেকে ইউরোপীয় মন্ত্রীদের বিবৃতিকে স্বাগত জানিয়ে বলা হয়, বাংলাদেশের পোশাক খাতের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষের উচিত তাদের দায়িত্ব ও অঙ্গীকার পূরণ করা। তবে, ফোরামের ঘোষণায় বাংলাদেশের পোশাকশিল্প খাতে কর্মক্ষেত্রে নিরাপত্তা, সুস্থ পরিবেশ এবং শ্রমিকদের জন্য কল্যাণমূলক যেসব উদ্যোগ গৃহীত হয়েছে, তার প্রশংসাও করা হয়।
ফোরামের ঘোষণায় নিরাপদ কাজের পরিবেশ এবং শ্রমিকদের অধিকারের প্রতি সম্মান প্রদর্শনের বিষয়ে সমর্থন পুনর্ব্যক্ত করে বলা হয়, বাংলাদেশ থেকে পোশাক আমদানি বন্ধ করা হলে তাতে দেশটির লাখ লাখ শ্রমিক, বিশেষ করে নারীদের অবস্থার অবনতি ঘটাবে।
তবে ফোরামে ডাচ বৈদেশিক বাণিজ্যমন্ত্রী লিলিয়ান প্লোমেন তাঁর বক্তৃতায় বলেন, বাংলাদেশের পরিস্থিতি এখনো ভয়াবহ। হতাহতদের পরিবারগুলোর অনেকেই এখনো কোনো ÿক্ষতিপূরণ পাননি, এমনকি নিহতদের সবার দেহাবশেষ এখনো উদ্ধার হয়নি। লিলিয়ান প্লোমেন আরও বলেন, এই খাতে যে সংস্কার চলছে, তা যন্ত্রণাদায়ক এবং তার গতিও যন্ত্রণাদায়কভাবে শ্লথ।