অর্থ দিয়ে পরীক্ষা দিতে গিয়ে ধরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএসসি পরীক্ষার প্রবেশপত্র না পাওয়ায় গতকাল রোববার ময়মনসিংহের গফরগাঁও থানা ঘেরাও করে বিক্ষোভ করে ৯০ জন শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা।
ওই শিক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন বিদ্যালয়ে নির্বাচনী পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছিল। তাদের অভিযোগ, নিজেদের বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দেওয়ার সুযোগ না পাওয়ায় তারা গফরগাঁওয়ের রৌহা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফ আহমেদকে লক্ষাধিক টাকা ঘুষ দিয়েছিলেন। কিন্তু মারুফ তাদের টাকা নিয়ে পালিয়ে গেছেন।
এ ব্যাপারে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম ওয়াহিদুজ্জামান প্রথম আলোকে বলেন, কিছুদিন আগে গফরগাঁওয়ের রৌহা উচ্চবিদ্যালয় থেকে হাইকোর্টের একটি আদেশপত্র ও ৯০ শিক্ষার্থীকে এসএসসি পরীক্ষায় প্রবেশপত্র দেওয়ার জন্য আবেদন করা হয়। কিন্তু আদেশের কপি জাল হওয়ায় তাদের প্রবেশপত্র দেওয়া হয়নি। ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হবে।
পরীক্ষা দিতে না পারা একাধিক শিক্ষার্থী জানায়, তারা ৯০ জন ঢাকা শিক্ষা বোর্ডের কয়েকজন কর্মচারীর সঙ্গে যোগাযোগ করে। ওই কর্মচারীরা তাদের মারুফ আহমেদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। মারুফ তাঁর বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিতে দেওয়া হবে বলে তাদের কাছ থেকে ৫০ হাজার থেকে লক্ষাধিক টাকা নেন। টাকা নেওয়ার সময় তাদের বলা হয়, পরীক্ষা কেন্দ্রের নাম গফরগাঁও ইসলামিয়া সরকারি উচ্চবিদ্যালয়। পরীক্ষার আগের রাতে তারা যেন ওই বিদ্যালয়ে চলে আসে।
শিক্ষার্থীরা শনিবার রাতে ইসলামিয়া বিদ্যালয়ের খোলা মাঠে এসে মারুফ আহমেদকে ফোন দেন। তাঁর মুঠোফোন ছিল বন্ধ। সারা রাত খোলা মাঠে রাত কাটায় শিক্ষার্থীরা। সকাল ১০টার মধ্যেও মারুফ আহমেদকে ও প্রবেশপত্র না পেয়ে বিক্ষোভ শুরু হয়। মারুফের শাস্তির দাবিতে দুপুরে তারা গফরগাঁও থানা ঘেরাও করে বিক্ষোভ করে।
গফরগাঁও ইসলামিয়া সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্রসচিব নূরুল ইসলাম শিকদার বলেন, বিষয়টি অবশ্যই অনৈতিক। অভিযুক্ত বিদ্যালয়ের ব্যাপারে আরও কঠোর হওয়া প্রয়োজন।
গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজাউল বারী প্রথম আলোকে বলেন, ‘আমি দুজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছি। তারা বলতে পারেনি কোন বিদ্যালয় থেকে পরীক্ষা দেবে। শুধু জানে মারুফ স্যার তাদের পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাবেন।’
ইউএনও বলেন, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে।