পদ্মা সেতু নিয়ে সেমিনারে যোগাযোগমন্ত্রী
অর্থ নিয়ে শঙ্কা নেই, এ সরকারের আমলেই নির্মাণকাজ শেষ হবে
পদ্মা সেতুর অর্থায়ন নিয়ে কোনো সন্দেহ-সংশয় বা অর্থের স্বল্পতা নেই বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন।গতকাল শনিবার প্রস্তাবিত পদ্মা সেতু এলাকায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসন ও সামাজিক নিরাপত্তা বিষয়ে এক সেমিনারের পর যোগাযোগমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।একের পর এক নির্মাণের তারিখ পিছিয়ে গিয়ে প্রস্তাবিত ব্যয় বিপুলভাবে বেড়ে যাওয়ায় দেশের এযাবৎকালের বৃহত্তম এ অবকাঠামো প্রকল্প নিয়ে কিছুটা উদ্বেগের সৃষ্টি হয়েছে। দৃশ্যত সেই উদ্বেগ দূর করতেই মন্ত্রী এ আশ্বাসবাণী শোনালেন।রাজধানীর এক হোটেলে অনুষ্ঠিত ওই সেমিনারের পর যোগাযোগমন্ত্রী সাংবাদিকদের বলেন, যথাসময়ে সেতু নির্মাণে প্রতিশ্রুত অর্থ পাওয়া যাবে। এ ছাড়া এ সরকারের আমলেই এ কাজ শেষ হবে।আওয়ামী লীগ সরকারের ক্ষমতার মেয়াদ রয়েছে তিন বছরের কিছু বেশি। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গত বুধবার বলেছেন, আগামী মার্চে এ সেতুর নির্মাণকাজ শুরু হবে।প্রথম আলোর এক প্রশ্নের জবাবে সৈয়দ আবুল হোসেন বলেন, বিশ্বব্যাংকের সঙ্গে ঋণ চুক্তি আগামী বছরের জানুয়ারিতে হতে পারে। তবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), জাপানি সংস্থা জাইকা ও ইসলামিক উন্নয়ন ব্যাংকের (আইডিবি) সঙ্গে ঋণ চুক্তি এ বছরই হবে। মন্ত্রী বলেন, পদ্মা সেতু হলে যাঁরা ক্ষতিগ্রস্ত হবেন, তাঁদের পুনর্বাসনের কাজ তিন বছর আগেই শুরু হয়েছে। ক্ষতিপূরণও দেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।আরেক প্রশ্নের জবাবে যোগাযোগমন্ত্রী বলেন, উন্নয়ন সহযোগীদের পক্ষ থেকে পুনর্বাসন ও সামাজিক নিরাপত্তার বিষয়ে নেওয়া কর্মপরিকল্পনা জনসমক্ষে তুলে ধরার তাগিদ দেওয়া হচ্ছিল। তাই সেমিনারের মাধ্যমে এগুলো তুলে ধরা হলো। প্রকল্প বাস্তবায়নে আরও বিলম্বের আশঙ্কা উড়িয়ে দিয়ে সৈয়দ আবুল হোসেন বলেন, ‘অনেকেই সংশয় প্রকাশ করছেন। তবে আমরা এটি নিশ্চিত করে বলতে পারি, আমাদের অর্থের জোগান নিয়ে কোনো সমস্যা নেই।’মন্ত্রী জানান, বিশ্বব্যাংক প্রথমে এই প্রকল্পে ১২০ কোটি মার্কিন ডলার দিতে চেয়েছিল। কিন্তু এখন তারা ১৫০ কোটি ডলার দেবে বলে জানিয়েছে। এ বিষয়ে বিশ্বব্যাংকের প্রধানের সঙ্গে অর্থমন্ত্রীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের আলোচনা হয়েছে।প্রধানমন্ত্রীর উপদেষ্টা মসিউর রহমান বলেন, বিগত সরকারগুলো পদ্মা সেতুর অর্থায়নের জন্য কার্যকর উদ্যোগ নেয়নি। এ জন্য সেতু নির্মাণে দেরি হয়েছে। বর্তমান সরকার অর্থায়নের বিষয়টি নিশ্চিত করেছে। তাই সেতু নির্মাণে কোনো সমস্যা নেই।বিলম্বের কারণে পদ্মা সেতুর নির্মাণ ব্যয়ও বেড়েছে—অর্থমন্ত্রীর বুধবারের এ মন্তব্য প্রসঙ্গে জানতে চাইলে সেতু বিভাগের সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, ‘সেতুর দৈর্ঘ্য বেড়েছে। সংযোগ সড়কের ব্যয়ও বেড়েছে। পাইলিংয়ের নকশায় পরিবর্তন এসেছে। এসব কারণে ব্যয় বাড়ছে।’ অর্থমন্ত্রীর বুধবারের সংবাদ সম্মেলনেও সচিব সেতুর দৈর্ঘ্য বাড়াকে ব্যয়বৃদ্ধির কারণ হিসেবে উল্লেখ করেছিলেন।সেতুর নকশা প্রণয়নকারী প্রতিষ্ঠান মনসেল-এইকমের উপপ্রকল্প ব্যবস্থাপক রবার্ট আভেজ সেমিনারে জানান, ৬ দশমিক ১৫ কিলোমিটার সেতুর বাইরে শরীয়তপুরের জাজিরা অংশে সাড়ে ১০ কিলোমিটারসহ মোট ১২ কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণ করা হবে। দ্বিতল এ সেতুর নিচতলায় হবে রেললাইন। ওপরের তলায় থাকবে চার লেনের মহাসড়ক। এতে গ্যাস ও বিদ্যুৎ সংযোগসহ সব ধরনের সেবা সংযোগ থাকবে।সেমিনারে সেতু কর্তৃপক্ষ থেকে বলা হয়, পদ্মা সেতু প্রকল্পের সামাজিক ও পুনর্বাসনসংক্রান্ত বিষয়ে ১১টি কর্মপরিকল্পনা তৈরি করা হয়েছে। এর মধ্যে তিনটি ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসন ও সাতটি পরিবেশগত ব্যবস্থাপনা নিয়ে।পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নে এক হাজার ১০০ হেক্টর জমি অধিগ্রহণ করা হয়েছে। এতে ১৩ হাজার ৫০০ পরিবার ক্ষতিগ্রস্ত হবে। সেতু কর্তৃপক্ষ আরও জানায়, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসনে চারটি পুনর্বাসন গ্রাম প্রস্তুত করা হয়েছে। এসব গ্রামে এক হাজার ৯৪৪টি আবাসিক এবং ৮০টি বাণিজ্যিক প্লট হবে। আগামী বছরের এপ্রিল-মে মাসে প্লটগুলো ব্যবহারের উপযোগী হবে বলে প্রকল্পের সুরক্ষাবিষয়ক দলনেতা মোহাম্মদ জামান সাংবাদিকদের জানান।সেমিনারে যোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শেখ মুজিবুর রহমান, সাংসদ সাগুফতা ইয়াসমিন, সেতু বিভাগের কর্মকর্তা এবং বিশ্বব্যাংক, এডিবি ও আইডিবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।