অর্থ পাচার মামলায় অব্যাহতি পেলেন এরশাদ ও মরিয়ম
ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জন এবং তা বিদেশে পাচারের অভিযোগে করা মামলায় জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ ও তাঁর বান্ধবী মরিয়ম মমতাজ মেরী অব্যাহতি পেয়েছেন। গতকাল রোববার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ জহুরুল হক মামলার চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে তাঁদের অব্যাহতির আদেশ দেন।১৯৯৫ সালের ৯ সেপ্টেম্বর ৩১ কোটি টাকা পাচারের অভিযোগে বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরো এরশাদ ও মরিয়মের বিরুদ্ধে মামলাটি করেছিল। বর্তমান দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক রামমোহন নাথ সর্বশেষ তদন্তকারী কর্মকর্তা হিসেবে মামলাটি তদন্ত করেন। তদন্ত শেষে গত ৯ ফেব্রুয়ারি চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে দুদক। তাতে বলা হয়, মামলা দায়েরের ক্ষেত্রে সঠিক তথ্যের ওপর ভিত্তি করে এজাহার করা হয়নি।মামলায় অভিযোগ করা হয়েছিল, এরশাদ ১০ মিলিয়ন ডলার (বাংলাদেশি টাকায় ৩১ কোটি টাকা) তাঁর বান্ধবী মরিয়মের কাছে পাচার করেন। মরিয়ম লন্ডনে বিসিসিআই ব্যাংকে তাঁর হিসাবে ওই অর্থ জমা রাখেন। এ ঘটনায় দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তা আকতারুজ্জামান ১৯৯৫ সালের ৯ সেপ্টেম্বর তেজগাঁও থানায় মামলা করেন।চূড়ান্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, প্রতিবেদন দাখিলের আগে দুদকের আইনজীবীর মতামত জানতে চাওয়া হলে তিনি বলেন, অস্তিত্ববিহীন প্রতিষ্ঠানের তদন্তের জন্য বিদেশে তদন্ত করে বর্তমানে সুফল পাওয়া যাবে না। তাই বৈদেশিক মুদ্রা অপচয় করার প্রয়োজন নেই।