অর্থ পাচার মামলায় ইলিয়াছকে গ্রেপ্তার দেখানো হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে পুলিশি তল্লাশিকালে ৫৮ লাখ টাকাসহ আটক ইলিয়াছ ভূঁইয়াকে অর্থ পাচার আইনে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম মশিউর রহমান চৌধুরী শুনানি শেষে এ আদেশ দেন।
দুদকের আইনজীবী মাহমুদুল হক প্রথম আলোকে বলেন, ৫৪ ধারায় কারাগারে আটক ইলিয়াছকে অর্থ পাচার আইনে গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আবেদন করা হয়েছিল গত বৃহস্পতিবার। গতকাল সোমবার শুনানি শেষে আদালত তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখান। তাঁর আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন আবেদনও নাকচ করে দেন।
১৪ অক্টোবর নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) সদস্য পরিচয়ে অজ্ঞাতনামা এক ব্যক্তি মুঠোফোনে চট্টগ্রাম আদালত ভবন উড়িয়ে দেওয়ার হুমকিতে নিরাপত্তা জোরদার করে পুলিশ। পরে তল্লাশি চালাতে গিয়ে ইলিয়াছকে ওই টাকাসহ আটক করে পুলিশ। এই ঘটনায় নগরের কোতোয়ালি থানার পুলিশ ৫৪ ধারায় ইলিয়াছকে আটক করে। পরে অর্থ পাচার আইনে ইলিয়াছকে আসামি করে মামলা দায়ের করেন কোতোয়ালি থানার এসআই মো. কামরুজ্জামান। দুদক চট্টগ্রামের উপপরিচালক মো. আখতারুজ্জামান তদন্ত কর্মকর্তা নিয়োজিত হওয়ার পর এই মামলায় ইলিয়াছকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন আদালতে।