অর্থ পাচার মামলায় এসপিসির আল আমিন রিমান্ডে
অর্থ পাচার মামলায় ই–কমার্স প্রতিষ্ঠান এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেসের প্রধান নির্বাহী কর্মকর্তা আল আমিনকে দুদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ বৃহস্পতিবার এই আদেশ দেন।
প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের উপপরিদর্শক (এসআই) সাফায়েত হোসেন।
বর্তমানে আল আমিনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় চারটি মামলা হয়। এর মধ্যে গত ২৬ আগস্ট তাঁর বিরুদ্ধে হয় অর্থ পাচার আইনে মামলা। ওই মামলায় আজ বৃহস্পতিবার তাঁকে আদালতে হাজির করে পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আদালত উভয় পক্ষের শুনানি নিয়ে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সিআইডির পক্ষ থেকে বলা হয়েছে, নানা প্রলোভন দেখিয়ে বিভিন্ন পেশার মানুষের কাছ থেকে আমানত সংগ্রহ করেন আসামি আল আমিন। এরপর কোম্পানির হিসাব থেকে ১ কোটি ১৭ লাখ ৫০ হাজার টাকা আত্মসাৎ করেন তিনি। জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, তাঁর প্রতিষ্ঠানের গ্রাহকসংখ্যা প্রায় এক কোটি। এক মাসের মধ্যে তাঁরা প্রায় ৫ বা ৬ কোটি টাকার ক্রয়াদেশ পান। প্রথম দিকে যথাসময়ে পণ্য সরবরাহ করলেও পরে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাৎ করেন।
গত বছরের নভেম্বর মাসে ২৬৮ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার হন আল আমিন। পরে জামিনে ছাড়া পান। এরপর ৩ অক্টোবর রাজধানীর রমনা এলাকা থেকে তিনি আবার গ্রেপ্তার হন।