অর্থ পাচার মামলায় জয়নাল হাজারী আদালতে
অর্থ পাচার (মানি লন্ডারিং) মামলায় অব্যাহতি চেয়ে গতকাল মঙ্গলবার নোয়াখালীর বিশেষ জজ আদালতে হাজির হলেন ফেনীর সাবেক সাংসদ জয়নাল আবেদীন হাজারী। আদালত তাঁর আবেদনটি আমলে নিয়ে পরবর্তী তারিখে শুনানির দিন ধার্য করেছেন। আদালত সূত্রে জানা গেছে, জয়নাল হাজারী আবেদনে ২০০৩ সালে তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন ব্যুরোর দায়ের করা অর্থ পাচারের মামলাটিকে রাজনৈতিক প্রতিহিংসা ও ষড়যন্ত্রমূলক বলে দাবি করেন। একই সঙ্গে তিনি আদালতে সশরীরে হাজির হয়ে মামলা থেকে অব্যাহতির প্রার্থনা করেন। এ মামলায় জয়নাল হাজারী ছাড়াও অপর তিনজন আসামি রয়েছেন। তাঁরা হলেন: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ফেনী শাখার ব্যবস্থাপক নাছিমুল ইসলাম, কর্মকর্তা মাহফুজুর রহমান ও আসফাক আলী। সূত্র জানায়, জয়নাল হাজারী ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ফেনী শাখায় তিন কোটি ৭৫ লাখ টাকা রেখে পরবর্তী সময়ে ওই টাকা ব্যাংক কর্মকর্তাদের যোগসাজশে অন্যত্র পাচার করেন। সরকারি নির্দেশনা ছাড়া টাকা পাচারের দায়ে দুর্নীতি দমন ব্যুরো বাদী হয়ে ২০০৩ সালে ফেনী থানায় ওই মামলা দায়ের করে এবং পরবর্তী সময়ে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।আদালত থেকে বেরিয়ে এসে জয়নাল হাজারী সাংবাদিকদের বলেন, উচ্চ আদালতে মামলাটির কার্যক্রম স্থগিত থাকার পরও সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা বেআইনিভাবে তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছেন।তিনি দাবি করেন, টাকার অঙ্কের চেয়ে সরকারকে তিনি বেশি পরিমাণে কর দিয়েছেন। কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন ব্যুরো ওই মামলা করে।