অর্থ পাচার মামলায় মোশাররফের জামিন আবেদন ফেরত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধভাবে বিদেশে অর্থ পাচারের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের জামিন আবেদন ফেরত দিয়েছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাঁর জামিন আবেদন ফেরত দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কৌঁসুলি খুরশীদ আলম খান প্রথম আলোকে বলেন, অর্থ পাচার মামলায় খন্দকার মোশাররফ হোসেনের জামিন আবেদন ফেরত দিয়েছেন আদালত।

আদালতে মোশাররফ হোসেনের পক্ষে ছিলেন আইনজীবী মওদুদ আহমদ এবং এ জে মোহাম্মদ আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

গত ৬ ফেব্রুয়ারি রাজধানীর রমনা থানায় মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। ১০ ফেব্রুয়ারি হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের জামিন দেওয়া হয় তাঁকে। ২৪ ফেব্রুয়ারি তা বাতিল করেন আপিল বিভাগ। গত ১২ মার্চ গুলশানের বাসা থেকে মোশাররফকে গ্রেপ্তার করা হয় ।

দুদকের মামলার এজাহারে বলা হয়েছে, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী থাকাকালে মোশাররফ হোসেন ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও মানি লন্ডারিংয়ের মাধ্যমে অবৈধভাবে অর্জিত বৈদেশিক মুদ্রা গোপন করেন এবং দেশে বিদ্যমান আইন না মেনে বিদেশে অর্থ পাচার করেছেন। তিনি যুক্তরাজ্যের লয়েডস টিএসবি অফশোর প্রাইভেট ব্যাংকিংয়ে স্ত্রীর সঙ্গে যৌথ নামে ‘ফিক্সড টার্ম ডিপোজিট’ (নম্বর ১০৮৪৯২) নামের হিসাবে আট লাখ চার হাজার ১৪২ পাউন্ড জমা করেন। বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ নয় কোটি ৫৩ লাখ ৯৫ হাজার টাকা। বিদেশে জমা করা অর্থের বা হিসাবের বিষয়ে সাবেক স্বাস্থ্যমন্ত্রী তাঁর সম্পদ-বিবরণী বা তাঁর আয়কর-বিবরণী নথির কোথাও উল্লেখ করেননি। এজাহারে আরও বলা হয়, বিদেশে বৈদেশিক মুদ্রা হিসাব খোলার বিষয়ে খন্দকার মোশাররফ বা তাঁর স্ত্রী বিলকিস কেউই বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে কোনো অনুমোদন নেননি।