দুর্নীতি ও কর ফাঁকির মাধ্যমে অর্জিত অর্থ পাচার ও তথাকথিত নিরাপদ স্বর্গে বিনিয়োগ প্রক্রিয়ায় কঠোরতর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশ (টিআইবি)।
গতকাল সোমবার এক বিবৃতিতে এ আহ্বান জানান টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। সম্প্রতি ‘পানামা পেপারস কেলেঙ্কারির’ ঘটনাকে আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থাপনায় ‘প্রকট দুর্নীতি-সহায়ক স্বচ্ছতার ঘাটতি’ হিসেবে উল্লেখ করেছে সংগঠনটি।
ইফতেখারুজ্জামান বলেন, কর ফাঁকি ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ পাচারের ক্রমবর্ধমান প্রবণতা আন্তর্জাতিক অর্থ ব্যবস্থাপনায় সুশাসনের উদ্বেগজনক ঘাটতির পরিচায়ক। যে সব তথাকথিত উন্নত দেশে অর্থ পাচারের মাধ্যমে সহজেই লগ্নি ও বিনিয়োগের সহায়ক ব্যাংকিং ও ফাইন্যান্সিয়াল অবকাঠামো বজায় রাখা হয়েছে, বিশ্বব্যাপী দুর্নীতির প্রসারের জন্য তাদের দায় সবচেয়ে বেশি।
পানামা পেপারসে বাংলাদেশিদের সম্পৃক্ততার সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য তথ্য এখনো না পাওয়া গেলেও সাম্প্রতিককালে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বাংলাদেশ থেকে টাকা পাচারের প্রবণতায় উদ্বেগ প্রকাশ করেন টিআইবির নির্বাহী পরিচালক। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক, দুদক, জাতীয় রাজস্ব বোর্ড এবং অ্যাটর্নি জেনারেলের অফিসের সমন্বিত উদ্যোগের মাধ্যমে পশ্চিমা বিশ্বের নিরাপদ স্বর্গে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা এবং জড়িত ব্যক্তিদের কঠোর শাস্তি নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।