অর্থ পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের টাকা বিদেশে পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন জাসদ একাংশের সাধারণ সম্পাদক ও সাংসদ নাজমুল হক প্রধান। সেই সঙ্গে আর্থিক প্রতিষ্ঠানগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনারও দাবি জানান তিনি। আজ শনিবার জাতীয় সংসদে প্রস্তাবিত ২০১৬-১৭ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এই দাবি জানান।

নাজমুল হক প্রধান বলেন, ‘আমাদের দেশে যুবসমাজের সংখ্যা অনেক বেশি। কিন্তু যে বাজেট আমরা করছি, তাতে যুবসমাজের জন্য কী কাজ রাখছি?’ বিষয়টি বিবেচনায় রেখে বাজেট প্রণয়নের দাবি জানান তিনি। আর্থিক প্রতিষ্ঠানের বিভিন্ন অনিয়ম তুলে ধরে তিনি বলেন, ‘দেশের টাকা যদি বিদেশে পাচার হয়ে যায়, আর আমরা যদি সেটা ঠেকাতে না পারি, তাহলে বাজেট করে কী হবে? বাজেটে যে টাকা বরাদ্দ দেওয়া হয়, তা যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে।’ তিনি আর​ও বলেন, প্রচুর টাকা বাইরে পাচার হচ্ছে। অর্থনৈতিক প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা আছে। সংসদে অর্থমন্ত্রী বলেছেন যে ব্যাংকের টাকার সাগর চুরি হয়েছে। তাঁর কথাতেই আর্থিক প্রতিষ্ঠানের বিশৃঙ্খলার চিত্র ফুটে উঠেছে। তাই বাজেট বাস্তবায়নে অর্থনৈতিক প্রতিষ্ঠানের শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। দুর্নীতি-চুরি বন্ধে যৌক্তিক পদক্ষেপ নিতে হবে।

জাসদের এই নেতা বলেন, শিক্ষকদের কল্যাণ ফান্ডে যে টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, তা যেন তাঁরা পেতে হয়রানির শিকার না হন। কল্যাণ ফান্ডের বরাদ্দ আরও বাড়ানোর দাবি করেন।

জাতীয় পার্টির নূরুল ইসলাম তালুকদার বলেন, অর্থমন্ত্রী বলেছেন যে ব্যাংকিং খাতে চার হাজার কোটি টাকার লুটপাট কিছুই না। এভাবে লুটপাটকারীদের আমন্ত্রণ জানানো হয়েছে। এখন তিনি বলছেন, পুকুর চুরি নয়, সাগর চুরি হয়েছে। জার্মানির সাবেক চ্যান্সেলর উইলি ব্রান্ট তাঁর একজন কেরানির দুর্নীতির জন্য পদত্যাগ করেছিলেন।

আওয়ামী লীগের তালুকদার মো. ইউনূস নির্মাণাধীন পদ্মা সেতুকে ‘শেখ হাসিনা’ সেতু করার দাবি জানান।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতা রানা দাশগুপ্তের সাম্প্রতিক বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে সরকারদলীয় সাংসদ আবদুল মজিদ খান।