অর্থ পাচারে জড়িত দ্বৈত নাগরিক ও পাসপোর্টধারীদের তথ্য জানতে চান হাইকোর্ট

হাইকোর্টফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি ও অর্থ পাচারের মাধ্যমে বিদেশে বাড়ি বানানো বা কেনা—এমন বাংলাদেশি নাগরিক যাঁদের দ্বৈত নাগরিকত্ব ও পাসপোর্ট আছে এবং যাঁরা দেশের বিমানবন্দরগুলো দিয়ে নিয়মিত যাতায়াত করেন, তাঁদের বিষয়ে তথ্য জানাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।


বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেন। এ বিষয়ে অভিবাসন শাখার বিশেষ পুলিশ সুপারকে আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে হলফনামা আকারে আদালতে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।


এর আগে গত ১৮ নভেম্বর এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বিদেশে অর্থ পাচার বিষয়ে কথা বলেন। তিনি বলেন, ‘তার কাছে ২৮টি কেস এসেছে। এর মধ্যে রাজনীতিবিদ হলেন চারজন। এ বিষয়ে গণমাধ্যমে আসা প্রতিবেদন বিবেচনায় নিয়ে গত ২২ নভেম্বর হাইকোর্টের একই বেঞ্চ স্বতঃপ্রণোদিত রুলসহ আদেশ দেন।’
হাইকোর্ট দেশের বাইরে অর্থ পাচারে জড়িত দুর্বৃত্তদের নাম, ঠিকানা ও পাচার করা অর্থে তাঁদের বিদেশে বাড়ি তৈরিসহ বিস্তারিত তথ্য জানতে চান। এর ধারাবাহিকতায় ১৭ ডিসেম্বর বিষয়টি আদালতে ওঠে। সেদিন আদালত দেশের বাইরে অর্থ পাচারে জড়িত ও পাচার করা অর্থে যাঁরা বিদেশে বাড়ি তৈরি করেছেন, তাঁদের নাম-ঠিকানা ও তাঁদের বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য জানতে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত পররাষ্ট্রসচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, দুদকসহ বিবাদীদের সময় দেন। এরপর আজ বিষয়টি কার্যতালিকায় ওঠে। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন মানিক। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।


পরে আমিন উদ্দিন মানিক প্রথম আলোকে বলেন, স্বতঃপ্রণোদিত রুলের ধারাবাহিকতায় আজ বিষয়টি কার্যতালিকায় আদেশের জন্য আসে। দুদক আইনজীবী অভিবাসন শাখার বিশেষ পুলিশ সুপারকে বিবাদী করার আরজি জানান। শুনানির পর হাইকোর্ট অভিবাসন শাখার বিশেষ পুলিশ সুপারকে বিবাদী হিসেবে পক্ষভুক্ত করে দ্বৈত নাগরিক ও দ্বৈত পাসপোর্টধারীদের তথ্য প্রতিবেদন আকারে দাখিল করতে আদেশ দিয়েছেন। স্বতঃপ্রণোদিতভাবে এই আদেশ দেওয়া হয়। দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওই সব তথ্য সংগ্রহ করতে হবে।