অর্থ পাচারের অভিযোগে দুদকের মামলা
পণ্য আমদানির নামে বিদেশে অর্থ পাচার ও রাজস্ব ফাঁকির অভিযোগে বিদেশি নাগরিক ও ব্যবসায়ীসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল রোববার নগরের বন্দর থানায় এ মামলা দায়ের করেন চট্টগ্রাম দুদকের উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ সিরাজুল হক।
মামলায় আসামি করা হয়েছে আমদানিকারক সেবা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আবদুল মালেক, আমদানিকারকের পক্ষে পণ্য খালাসে নিয়োজিত সিঅ্যান্ডএফ এজেন্ট এ আর সিন্ডিকেটের স্বত্বাধিকারী আনোয়ার হোসেন এবং প্রাক জাহাজীকরণ পরিদর্শন সংস্থা এসজিএস বাংলাদেশ লিমিটেডের কর্মকর্তা ভারতীয় নাগরিক কুছিমানছিকে।
তিনজনের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে ১৯ লাখ টাকা বিদেশে পাচার এবং ১০ লাখ টাকা সরকারি রাজস্ব ফাঁকির অভিযোগ আনা হয়।
এ বিষয়ে মামলার বাদী সিরাজুল হক প্রথম আলোকে জানান, এঁদের বিরুদ্ধে ছয় মাসের অনুসন্ধান শেষে দুর্নীতির প্রাথমিক প্রমাণ পেয়েছে দুদক। অর্থ পাচার আইনের ৪ (২) ধারা এবং দণ্ডিবিধির ৪০৬ ও ৫১১ ধারায় এ তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।