মিথ্যা ঘোষণা দিয়ে পণ্য আমদানির নামে বিদেশে অর্থ পাচারের অভিযোগে চট্টগ্রামের এক ব্যবসায়ীর বিরুদ্ধে গতকাল সোমবার মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই ব্যবসায়ী হলেন বায়েজিদ স্টিলের মালিক ও সিএসএস করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক আবু বক্কর চৌধুরী। দুদক চট্টগ্রাম কার্যালয়ের উপসহকারী পরিচালক মোহাম্মদ হুমায়ুন কবির বাদী হয়ে নগরের বন্দর থানায় মামলাটি করেন। এজাহারে অভিযোগ করা হয়, আবু বক্কর চৌধুরী গ্যালভানাইজিং আয়রন শিটের পরিবর্তে বালু আর মাটি আমদানির মাধ্যমে বিদেশে এক কোটি ৯২ লাখ ৬৬ হাজার ৫৬৬ টাকা পাচার করেছেন। তবে আবু বক্কর চৌধুরী প্রথম আলোর কাছে দাবি করেন, সরবরাহকারী ভুল করে তাঁদের ফরমায়েশ করা পণ্যের পরিবর্তে অন্য পণ্য দেয়। এতে তিনি আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। তিনি বলেন, ‘এ বিষয়টি নিয়ে আমি তখন দুদককে অভিযোগ দিয়েছিলাম। আমি আদালতে ২০০৮ সালের ১৮ ডিসেম্বর একটি মামলাও করেছিলাম। কিন্তু দুদক এখন উল্টো আমার বিরুদ্ধে মামলা করল।’আবু বক্কর বলেন, ‘দুদক কর্মকর্তাদের খুশি না করায় আমার বিরুদ্ধে উল্টো মামলা হয়েছে।’এ প্রসঙ্গে জানতে চাইলে দুদকের হুমায়ুন কবির বলেন, ‘আবু বক্কর চৌধুরীর প্রতিষ্ঠান আয়রন শিট আমদানির নাম দিয়ে বিদেশ থেকে মাটি ও বালু আমদানি করেছে। এই মিথ্যা ঘোষণা দিয়ে পণ্য আমদানির মাধ্যমে তিনি এক কোটি ৯২ লাখ ৬৬ হাজার ৫৬৬ টাকা বিদেশে পাচার করেছেন।’ অভিযোগে বলা হয়েছে, সিএসএস করপোরেশন ফিলিপাইনের রপ্তানিকারক প্রতিষ্ঠান ‘মেসার্স মন্ট্রিল মেটাল ট্রেডিং করপোরেশনের’ কাছ থেকে ৫৩০ মেট্রিক টন গ্যালভানাইজিং আয়রন শিট আমদানির একটি ঋণপত্র করে। ২০০৮ সালের ৩ মার্চ করা ওই ঋণপত্র অনুসারে ঘোষিত পণ্যের পরিবর্তে ফিলিপাইনি প্রতিষ্ঠানের সহযোগিতায় কংক্রিট, বালু, মাটি ও রাবিশ আমদানি করে আবু বকরের প্রতিষ্ঠান। সে সময় কাস্টমসের কায়িক পরীক্ষায় আমদানি করা পণ্যের কনটেইনার খুলে মিথ্যা ঘোষণায় পণ্য আমদানির বিষয়টি ধরা পড়ে। এ ঘটনায় কাস্টমস কর্তৃপক্ষ তদন্ত শেষে দুদক চট্টগ্রাম কার্যালয়ে অভিযোগ করলে দুদকের পক্ষ থেকে বিষয়টির তদন্ত শুরু করা হয়।