অর্থ পাচারের তথ্য চায় সংসদীয় কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিত্তবান ব্যক্তিদের মধ্যে যাঁরা মালয়েশিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়ায় ‘সেকেন্ড হোম’ করার জন্য টাকা পাচার করেছেন, তাঁদের চিহ্নিত করতে চায় অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। কমিটি পাচার হওয়া টাকার হিসাবও জানতে চায়।
সংসদ ভবনে গতকাল বুধবার অনুষ্ঠিত অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ জন্য টিপু মুনশিকে প্রধান এবং শওকত চৌধুরী ও ফরহাদ হোসেনকে সদস্য করে তিন সদস্যের একটি উপকমিটি গঠন করা হয়েছে। বৈঠকে বিদেশে টাকা পাচার রোধে মন্ত্রণালয়ের গ্রহণ করা পদক্ষেপেও কমিটি সন্তুষ্ট হতে পারেনি। এ ছাড়া অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও প্রতিমন্ত্রী এম এ মান্নান বৈঠকে উপস্থিত না থাকায় কমিটি অসন্তোষ প্রকাশ করে।
বৈঠকে উপস্থাপিত অর্থ মন্ত্রণালয়ের নথিতে বলা হয়েছে, যাঁরা বিদেশে সেকেন্ড হোম করেছেন, তাঁরা কী পরিমাণ টাকা বিদেশে পাচার করেছেন এবং বিদেশে কী ধরনের ব্যবসা-বাণিজ্য করছেন, তা খতিয়ে দেখা উচিত। যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠান টাকা পাচার করেছেন, তাঁদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। এ নিয়ে বাংলাদেশ ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ড কাজ করে যাচ্ছে।
মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইউনিট (বিএফআইইউ) ইতিমধ্যে মালয়েশিয়া ও সিঙ্গাপুরসহ ২৭ দেশের ফিন্যান্সিয়াল ইউনিটের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে। যার ফলে মালয়েশিয়া ও সিঙ্গাপুরে যাঁরা সেকেন্ড হোম করেছেন বা টাকা পাচার করেছেন, তাঁদের শনাক্ত করা এবং পাচার করা টাকার হিসাব পাওয়া যাবে।
জানতে চাইলে কমিটির সভাপতি আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, মানি লন্ডারিং আইনে সীমাবদ্ধতা আছে। এর সুযোগ নিয়ে বিগত দিনে অনেকেই বিদেশে টাকা পাচার করেছেন। অথচ আজ পর্যন্ত এঁদের একজনকেও শনাক্ত করা সম্ভব হয়নি। অজ্ঞাতনামা এসব ব্যক্তির কারও কারও বিরুদ্ধে জঙ্গি তৎপরতায় অর্থায়নের অভিযোগ আছে। যে কারণে প্রশ্ন উঠেছে, এ ক্ষেত্রে সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো কী করছে? সংসদীয় কমিটি পুরো বিষয়টি খতিয়ে দেখতে চায়।
বৈঠকে হল-মার্কের মাধ্যমে সোনালী ব্যাংকের টাকা লোপাটের বিষয়ে আলোচনার কথা থাকলেও অর্থমন্ত্রী না থাকায় তা নিয়ে কোনো আলোচনা হয়নি। তবে মন্ত্রণালয় জানিয়েছে, হল-মার্ক জালিয়াতির সঙ্গে জড়িত সোনালী ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত করেছে। এঁদের মধ্যে ১৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। এসব কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাও নেওয়া হয়েছে। এ ছাড়া অভিযোগ থেকে অব্যাহতি পেলেও দুদকের সুপারিশে ১৯ জন কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক আতিকুর রহমান ও মইনুল হককে চাকরি থেকে যথাক্রমে বাধ্যতামূলক অবসর ও অপসারণ করা হয়েছে।
আবদুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য টিপু মুনশি, নাজমুল হাসান, ফরহাদ হোসেন, মোস্তাফিজুর রহমান চৌধুরী, শওকত চৌধুরী ও আখতার জাহান এবং অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।