অর্থ পাচারের বৈশ্বিক ব্যবস্থা প্রতিহত করার আহ্বান টিআইবির
দুর্নীতি ও কর ফাঁকির মাধ্যমে অর্জিত অর্থ পাচার ও তথাকথিত নিরাপদ স্বর্গে বিনিয়োগ–প্রক্রিয়ায় কঠোরতর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে দুর্নীতিবিরোধী সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
আজ সোমবার এক বিবৃতিতে এ আহ্বান জানান টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। সম্প্রতি ‘পানামা পেপারস কেলেঙ্কারির’ ঘটনাকে আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থাপনায় ‘প্রকট দুর্নীতি-সহায়ক স্বচ্ছতার ঘাটতি’ হিসেবে উল্লেখ করেছে সংগঠনটি।
ইফতেখারুজ্জামান বলেন, ‘পানামা পেপারস ফাঁস হওয়ার তথ্যে বিশ্বব্যাপী প্রভাবশালী ব্যক্তিদের সম্পৃক্ততা আরও একবার প্রমাণ করল যে দুর্নীতি একটি বৈশ্বিক সমস্যা, যা থেকে কোনো দেশই মুক্ত নয়। অন্যদিকে কর ফাঁকি ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ পাচারের ক্রমবর্ধমান প্রবণতা আন্তর্জাতিক অর্থ ব্যবস্থাপনায় সুশাসনের গভীরভাবে উদ্বেগজনক ঘাটতির পরিচায়ক। বিশেষ করে, যেসব তথাকথিত উন্নত দেশে অর্থপাচারের মাধ্যমে সহজেই লগ্নি ও বিনিয়োগের সহায়ক ব্যাংকিং ও ফাইন্যান্সিয়াল অবকাঠামো বজায় রাখা হয়েছে, বিশ্বব্যাপী দুর্নীতির প্রসারের জন্য তাদের দায় সবচেয়ে বেশি।’
বিশ্বের বিভিন্ন দেশে কর ফাঁকি ও অর্থ পাচারের যে বৈশ্বিক ব্যবস্থা গড়ে তোলা হয়েছে, তা অবিলম্বে প্রতিহত করার লক্ষ্যে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণের জন্য আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানান ইফতেখারুজ্জামান।
পানামা পেপারসে বাংলাদেশিদের সম্পৃক্ততার সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য তথ্য এখনো না পাওয়া গেলেও সাম্প্রতিককালে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বাংলাদেশ থেকে উদ্বেগজনক হারে টাকা পাচারের প্রবণতায় উদ্বেগ প্রকাশ করেন টিআইবির নির্বাহী পরিচালক। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক, দুর্নীতি দমন কমিশন, জাতীয় রাজস্ব বোর্ড এবং অ্যাটর্নি জেনারেলের অফিসের সমন্বিত উদ্যোগের মাধ্যমে পশ্চিমা বিশ্বের নিরাপদ স্বর্গে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা এবং জড়িত ব্যক্তিদের কঠোর শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
টিআইবি মনে করে, জাতিসংঘের আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী কনভেনশনের সদস্যরাষ্ট্র হিসেবে বাংলাদেশ সংশ্লিষ্ট দেশের সঙ্গে দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক আইনি ও কারিগরি সহযোগিতার সুযোগ নিতে পারে। তাদের মতে, অর্থ পাচার রোধ, পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিচারের মুখোমুখি করা জটিল হলেও মোটেও অসম্ভব নয়। এ জন্য প্রয়োজন সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সদিচ্ছা ও সক্রিয় উদ্যোগ।
পানামা পেপারসে চিলি ট্রান্সপারেন্সির চেয়ারপারসন গনজালো দেলাভ্যু সোয়েতের সম্পৃক্ততার তথ্য প্রকাশের পর তাঁর পদত্যাগের ঘটনাকে একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, দুর্নীতিবিরোধী আন্দোলনে সম্পৃক্ত যেকোনো ব্যক্তির বিরুদ্ধে আনীত দুর্নীতি বা অনিয়মের যেকোনো অভিযোগের ব্যাপারে টিআই যে ‘শূন্য-সহনশীলতা’ নীতির যথাযথ বাস্তবায়নে সক্ষম, গনজালো দেলাভ্যু সোয়েতের পদত্যাগের ঘটনা তারই একটি দৃষ্টান্ত।