অর্থ পাচারের মামলায় কোকোকে ১৩ মে হাজির হওয়ার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশে অর্থ পাচারসংক্রান্ত দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে আগামী ১৩ মে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ এ এন এম বশির উল্লাহ এ আদেশ দেন। এ মামলার অপর আসামি বিগত চারদলীয় জোট সরকারের নৌপরিবহনমন্ত্রী প্রয়াত আকবর হোসেনের ছেলে ইসমাইল হোসেনের বিরুদ্ধে দেওয়া গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পুলিশকে তাগিদ দিয়েছেন আদালত। গত ১৫ ফেব্রুয়ারি এ গ্রেপ্তারি পরোয়ানা জারিসংক্রান্ত প্রতিবেদন আদালতে দাখিলের দিন ধার্য ছিল। পরে গতকাল দিন ধার্য করা হয়েছিল।গতকাল আরাফাত রহমানের পক্ষে তাঁর আইনজীবী সানাউল্লাহ মিয়া সময় চেয়ে আদালতকে বলেন, আরাফাত রহমান সরকারের অনুমতি নিয়ে চিকিত্সার জন্য বেশ কিছুদিন ধরে দেশের বাইরে রয়েছেন। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরাফাতের প্যারোলে মুক্তির মেয়াদ আরও দুই মাস বাড়িয়েছে। শুনানি শেষে আদালত ১৩ মে মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেন।একই আদালতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) করা আয়কর ফাঁকির মামলায় আরাফাত রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার প্রতিবেদন দেওয়ার দিন ধার্য ছিল গতকাল। সরকারের অনুমতি নিয়ে তিনি বিদেশে চিকিত্সাধীন রয়েছেন বলে তাঁর আইনজীবীরা দরখাস্তের মাধ্যমে আদালতকে জানান। আদালত এ বিষয়ে কোনো আদেশ দেননি।দুদক গত বছরের ১৭ মার্চ আরাফাত রহমানকে আসামি করে অর্থ পাচারের ওই মামলা করে।