অর্থ ফেরত চেয়ে নিউওয়ের গ্রাহকদের বিক্ষোভ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিনিয়োগ করা অর্থ ফেরত দেওয়ার দাবিতে মানিকগঞ্জে নিউওয়ে মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের বিনিয়োগকারীরা গতকাল শনিবার বিক্ষোভ ও সমাবেশ করেছেন। সংস্থার চেয়ারম্যান সঞ্জিত কুমার দাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের গ্রেপ্তার ও তাঁদের শাস্তির দাবিও জানান তাঁরা।
এর আগে গত ১৯ সেপ্টেম্বর একই দাবিতে শহরের শহীদ রফিক সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করার পর মানিকগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সমেঞ্চলন করেন ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা। আত্মসাৎ করা অর্থ ফেরত দেওয়ার দাবিতে তাঁরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপিও দিয়েছেন।
ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী কমিটির সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিউওয়ে তাদের কার্যক্রম পরিচালনার জন্য ২০১১ সালে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ছবেদ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় একটি শাখা খোলে। এরপর এক লাখ টাকায় প্রতিবছরে দ্বিগুণ মুনাফার লোভ দেখিয়ে কর্মকর্তারা স্থানীয় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রচার-প্রচারণা শুরু করেন।
এ কাজে রকিব হাসান, কোহিনুর বেগম, জাকির হোসেন, শ্যামলী বেগমসহ আরও কয়েকজন নিউওয়ের স্থানীয় প্রতিনিধি ও কর্মকর্তারা গ্রাহকদের কাছ থেকে জামানত সংগ্রহ শুরু করেন। তাঁরা জানান, জামানত সংগ্রহ করার পর নিউওয়ের ওই কার্যালয় থেকে বিনিয়োগকারীদের প্রথম তিন-চার দফায় কিছু লভ্যাংশ দেওয়া হয়। পরে কর্মকর্তারা বিভিন্ন অজুহাত দেখিয়ে সেই লভ্যাংশ দেওয়া বন্ধ করে দেন। বিষয়টি সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানালে তাঁরা কালক্ষেপণ করতে থাকেন। এর একপর্যায়ে গত ৩০ আগস্ট কার্যালয় গুটিয়ে সটকে পড়েন কর্মকর্তারা। প্রলোভনে ফেলে নিউওয়ের কর্মকর্তারা গত বছরের জানুয়ারিতে সাটুরিয়া উপজেলার কামতা গ্রামের আলেয়া বেগমের কাছ থেকে চার লাখ টাকা নেন।
তিনি বলেন, ‘বিদেশে থাহা স্বামীরে না জানাইয়া ট্যহাগুলা দিছিলাম। বহু কষ্টে দেড় লাখ ট্যাকা পাইচি। বাকি ট্যাকার লিগ্যা অ্যাহন আমার সংসার ভাঙ্গার অবস্থা।’ সদর উপজেলার বৈতরা গ্রামের স্বামী পরিত্যক্ত তাসলিমা আক্তার জানান, ‘লাভের আশায় বিয়ার দেনমোহরের অ্যাক লাক (এক লাখ) ট্যাহা রাকছিলাম। অ্যাহন সব ট্যাহাই মাইরা দিচে।’ গতকাল বেলা ১১টার দিকে অর্থ ফেরতের দাবিতে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা জেলা শহরের শহীদ রফিক সড়কে মিছিল করেন। এরপর মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী কমিটির আহ্বায়ক রতন কুমার দত্ত, যুগ্ম আহ্বায়ক দেবেন্দ্র চক্রবর্তী চণ্ডী, সদস্য আবদুল করিম বিশ্বাস, আলেয়া বেগম, আবদুল আলীম, আবুল কালাম, আলেয়া বেগম ও তাসলিমা আক্তার।
বিনিয়োগকারী কমিটির আহ্বায়ক রতন কুমার দত্ত বলেন, মানিকগঞ্জে ১৭১ জন বিনিয়োগকারীর কাছ থেকে নিউওয়ে প্রায় তিন কোটি ৬০ লাখ টাকা জামানত সংগ্রহ করেছে। প্রতারণার ফাঁদে পড়ে এসব বিনিয়োগকারীর অনেকেই এখন নিঃস্ব হয়ে পড়েছেন। নিউওয়ের স্থানীয় প্রতিনিধি রকিব হাসান বলেন, ‘জামানতকারীদের অর্থ ফেরতের জন্য নিউওয়ের চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।’ এ ব্যাপারে চেয়ারম্যান সঞ্জিত কুমার দাসের মুঠোফোনে একাধিকার চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি। জেলা প্রশাসক মো. মাসুদ করিম বলেন, তদন্ত সাপেক্ষে বিনিয়োগকারীদের অর্থ আদায়ে প্রশাসনের পক্ষ থেকে যথাযথ উদ্যোগ নেওয়া হবে।